
সৌদি আরবের রাজধানী রিয়াদ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দায় স্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) এই হামলার পর প্রধান বিমানবন্দরের কাছে আগুন ও আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এর আগে রাতভর রাজধানীর সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতাও জারি করেছিল সৌদি কর্তৃপক্ষ।
রয়টার্সের ভিডিও ও ছবিতে দেখা গেছে, এলাকায় আকাশের দিকে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। সামনে ছিল বিমানবন্দরের সড়ক, প্রধান টার্মিনাল ভবন ও অন্যান্য স্থাপনা। একপর্যায়ে ছবিতে জ্বালানি রাখার ট্যাংকের পেছন থেকে আগুনের শিখা উঠতে দেখা যায়। ইরান-সমর্থিত হুতি জুলাই থেকে সৌদি আরবে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। তবে শনিবারের দাবি অনুযায়ী, চলমান এই উত্তেজনা শুরুর পর রিয়াদে এটিই তাদের প্রথম হামলা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রিয়াদে হামলার লক্ষ্যবস্তু কী ছিল, তা নির্দিষ্ট করে জানায়নি গোষ্ঠীটি। তবে তারা বলেছে, লোহিত সাগরের বন্দরনগরী ইয়ানবুতে সৌদি আরামকোর একটি স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ইয়েমেনের রাজধানী সানায় চালানো হামলার জবাবেই এই অভিযান। এদিকে হুতির সঙ্গে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, শনিবার ভোরে রিয়াদের দিকে হুতির ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে।
রিয়াদ ও রাজধানীর পূর্বে অবস্থিত আল-খারজ এলাকায় আকাশ হামলার সম্ভাব্য ঝুঁকি নিয়ে রাতভর ফোনে সতর্কবার্তা পাঠায় সৌদি সিভিল ডিফেন্স। শনিবার সকালে পরে সবুজ সংকেত দিয়ে জানানো হয়, বিপদ কেটে গেছে। রিয়াদের ওলায়া এলাকায় থাকা রয়টার্সের এক সাংবাদিকও সতর্কতা প্রত্যাহারের আগে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।
ইয়েমেনের সবচেয়ে জনবহুল এলাকাগুলো ও দেশের বিস্তীর্ণ উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ করা হুতি জুলাইয়ে রিয়াদের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করার পর থেকে সৌদি আরবের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। এসব হামলায় লোহিত সাগরে সৌদি জাহাজও লক্ষ্যবস্তু হয়েছে।
হুতির হামলায় সৌদি শহর, জ্বালানি অবকাঠামো ও নৌপরিবহন লক্ষ্যবস্তু হয়েছে। এর ফলে বৈশ্বিক তেল সরবরাহে নতুন ঝুঁকি তৈরি হয়েছে। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোর পণ্য ও তেল রপ্তানির প্রধান বিকল্প লোহিত সাগরের নৌপথও ঝুঁকিতে পড়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]