
ইউরোপের বড় অংশজুড়ে জেঁকে বসা রেকর্ড ভাঙা দাবদাহে চারদিনে স্পেনে ২১২ জনের প্রাণহানি ঘটেছে। গত রবিবার থেকে বুধবারের মধ্যে দেশটিতে এসব মানুষ মারা গেছেন বলে জানিয়েছে দেশটির সরকারি সংস্থা।
স্পেনে তীব্র দাবদাহে দৈনিক মৃত্যুর পরিসংখ্যান সংগ্রহের পর অতীতের স্বাভাবিক মৃত্যুর হারের সঙ্গে তুলনা করে দেশটির মৃত্যু পর্যবেক্ষণ ব্যবস্থা মোমো তাদের প্রতিবেদনে জানায়, জলবায়ু পরিবর্তনের তীব্র ঝুঁকিতে থাকা দেশটিতে এর আগে রেকর্ড গরম পড়েছিল ২০২৫ সালের গ্রীষ্মে। ওই বছরের জুন মাসের একই সময়ে (চার দিনে) অতিরিক্ত ৯৮ জনের প্রাণহানি ঘটেছিল।
দেশটির সরকারি এই সংস্থা বলছে, স্পেনে গত বছরের ১৬ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে গরমজনিত কারণে মৃতের সংখ্যা ৩ হাজার ৮৩২ জনে পৌঁছেছিল। এই সংখ্যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৮৭ দশমিক ৬ শতাংশ বেশি।
চলতি সপ্তাহে স্পেনের মূল ভূখণ্ডে জুনের ইতিহাসে ১৯৫০ সালের পর থেকে সর্বোচ্চ দৈনিক গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত সোমবার গড় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার তা দাঁড়ায় ২৮ দশমিক ১৭ ডিগ্রি সেলসিয়াসে।
এমনকি এই দুই দিন ১৯৫০ সালের পর থেকে জুনের সর্বোচ্চ গড় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডও ভেঙেছে।
তীব্র এই আবহাওয়ার কারণে কান্তাব্রিয়া ও বাস্ক কান্ট্রিসহ উত্তর স্পেনের বেশ কিছু এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। সাধারণত এসব অঞ্চলে তীব্র গরম পড়ে না। তবে এবার সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]