ভেনেজুয়েলায় পর পর দুই শক্তিশালী ভূমিকম্প, বহু হতাহতের শঙ্কা
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৮:১২
ভেনেজুয়েলায় পর পর দুই শক্তিশালী ভূমিকম্প, বহু হতাহতের শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভেনেজুয়েলায় পর পর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসের বিভিন্ন ভবন ধসে পড়েছে। ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।


বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ঝাঁকুনিটির উৎপত্তিস্থল ছিল ইউমারে থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।


মার্কিন সংস্থাটি জানিয়েছে, বুধবার সন্ধ্যায় রাজধানী ও এর আশপাশের অঞ্চলে পর পর আঘাত হানা এই দুই ভূমিকম্পের কারণে ভেনেজুয়েলায় ব্যাপক ক্ষতি এবং বিপুলসংখ্যক মানুষের হতাহতের আশঙ্কা রয়েছে।


ইউএসজিএস আরও সতর্ক করেছে, এই বিপর্যয় সম্ভবত ব্যাপক এলাকাজুড়ে ঘটেছে এবং শক্তিশালী পরাঘাত অনুভূত হতে পারে।


স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো জনগণকে তাদের ঘরবাড়ি ছেড়ে বাইরে অবস্থান করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, আগাম সতর্কতা হিসেবে বেশ কয়েকটি ভবনে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কিছু স্থাপনা বা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা গ্যাস থেকে কোনো ধরনের দুর্ঘটনা ঘটুক তা চাই না।’


রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের সময় কারাকাসের বাসিন্দারা দ্রুত ভবন থেকে বাইরে নিরাপদ স্থানে সরে যান। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তার ভবনে ফাটল দেখা দিয়েছে এবং কাচ ভেঙে পড়েছে।


বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিকের তোলা একটি ছবিতে কারাকাসের একটি ভবনকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা গেছে, যা একটি ব্যাংক বলে ধারণা করা হচ্ছে।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com