হরমুজ প্রণালির কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১৪:২২
হরমুজ প্রণালির কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে হেলিকপ্টারটির দুই পাইলটই নিরাপদ আছেন বলে জানা গেছে। ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার কারণে যুদ্ধবিরতি টিকিয়ে রাখার প্রচেষ্টা নতুন অনিশ্চয়তার মুখে পড়েছে।


সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, হরমুজ প্রণালির আশপাশে বিধ্বস্ত হওয়া একটি হেলিকপ্টারের পাইলটরা নিরাপদ আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৮ জুন) রাতে নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


এর আগে প্রথমে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস খবর দেয় যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি অ্যাপাচি আক্রমণাত্মক হেলিকপ্টার হরমুজ প্রণালির কাছে অনির্দিষ্ট পরিস্থিতিতে বিধ্বস্ত হয়েছে। সোমবার ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর এই দুর্ঘটনা ঘটে।


প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি ইরানের গুলিতে ভূপাতিত হয়েছে কি না বা যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে কি না, অথবা অন্য কোনও কারণে দুর্ঘটনাটি ঘটেছে কি না— তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।


এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com