
দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির উত্তরাঞ্চলে অনুভূত ৬ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। তবে প্রাথমিকভাবে কোনও হতাহত বা সুনামির আশঙ্কার খবর পাওয়া যায়নি। ভূমিকম্পপ্রবণ ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে চিলিতে প্রায়ই এমন শক্তিশালী কম্পন অনুভূত হয়।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, চিলির উত্তরাঞ্চলের আন্তোফাগাস্তা অঞ্চলে স্থানীয় সময় সোমবার (২৫ মে) বিকেলে শক্তিশালী ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। চিলি বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ৫২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল কালামা শহরের ১২ কিলোমিটার দক্ষিণে।
তবে প্রাথমিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চিলির হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশেনোগ্রাফিক সার্ভিসও এই ভূমিকম্পের বৈশিষ্ট্য সুনামি সৃষ্টির মতো নয় বলে জানায়। ফলে চিলির উপকূলে সুনামির কোনও ঝুঁকি নেই বলে জানানো হয়।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থান করায় চিলিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। মূলত নাজকা ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে দেশটিতে নিয়মিত বিভিন্ন মাত্রার ভূকম্পন অনুভূত হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]