পাকিস্তানে ডিজেলের দাম বেড়ে প্রতি লিটার ৫২০ রুপি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১৭:০৯
পাকিস্তানে ডিজেলের দাম বেড়ে প্রতি লিটার ৫২০ রুপি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে পাকিস্তানে জ্বালানির নজিরবিহীন দাম বেড়েছে। দেশটিতে ডিজেলের দাম এক লাফে প্রায় ৫৫ শতাংশ বেড়ে লিটারপ্রতি ৫২০ রুপি, আর পেট্রোল ৪২ শতাংশ বেড়ে ৪৫৮ রুপিতে দাঁড়িয়েছে।


এতে বাড়ছে মূল্যস্ফীতির শঙ্কা। বিপাকে পড়েছে সাধারণ মানুষের। এর মধ্যে প্রধানমন্ত্রী শেহবাজ শলিফ দেশবাসীকে একটি ভাল খবর দিয়েছেন। পাকিস্তানের দুটি জাহাজ হরমুজ প্রণালী নিরাপদে পার হয়েছে বলে জানিয়েছেন তিনি।


জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ এ পথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর পথটির ওপর নিয়ন্ত্রণ আরোপ করে ইরান।


এর জেরে গত একমাসে পারস্য উপসাগরে কমপক্ষে ২ হাজার ১৯০টি বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে। এসব জাহাজের মধ্যে ৩২০টির বেশি তেল ও গ্যাসবাহী ট্যাংকার রয়েছে। এর ফলে একদিকে যেমন উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস রফতানি হুমকির মুখে পড়েছে। অন্যদিকে বিশ্বের বহু দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে।


দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে এই মুহূর্তে তেলের জন্য হাহাকার শুরু হয়েছে। একে তো জ্বালানি মিলছে না, তার ওপর চোখ রাঙাচ্ছে দাম। দেশটিতে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো জ্বালানির দাম বাড়িয়েছে সরকার।


ডিজেলের দাম এক লাফে প্রায় ৫৫ শতাংশ বেড়ে লিটারপ্রতি ৫২০ রুপি, আর পেট্রোল ৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৫৮ রুপিতে। এই মূল্যবৃদ্ধি সরাসরি আঘাত হানছে পরিবহন খাত ও নিত্যপণ্যের বাজারে।


সাধারণ মানুষের অভিযোগ, জ্বালানির দাম বাড়িয়ে তাদের ওপর অন্যায় করছে সরকার। এতে প্রশাসনের নেয়া ইতিবাচক পদক্ষেপগুলোও এখন ম্লান হয়ে যাচ্ছে।


দেশটির একজন নাগরিক স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলছিলেন, ‘যদি ৪৬০ রুপি দিয়ে পেট্রোল কিনতে হয়, তাহলে মানুষ তাদের সন্তানদের কি খাওয়াবে? কীভাবে গৃহস্থালি ব্যয় বহন করবে? প্রথমে তারা প্রতি লিটারের দাম ৫৫ রুপি বাড়িয়েছে এরপর আরো ১৩৭ রুপি। দরিদ্র মানুষদের ওপর এটা অন্যায় করা হচ্ছে।’


এদিকে হরমুজ প্রণালী হয়ে তেল আমদানিনির্ভর পাকিস্তানে সরবরাহ ঝুঁকিও বাড়ছে। এতে ভবিষ্যতে আরও মূল্যচাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা, এভাবে জ্বালানির দাম বাড়তে থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দরিদ্র জনগোষ্ঠী।


এর মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে পাকিস্তানের দুটি জাহাজ পার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সামনে আরও ২০টি জাহাজ পাকিস্তানের পতাকা নিয়ে যাত্রার প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি।


তার কথায়, ‘আমাদের দুটি জাহাজ, হরমুজ অতিক্রমের জন্য অপেক্ষায় ছিল, যা সফলভাবে পার হয়েছে। উপপ্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের প্রচেষ্টার কারণে এটি সম্ভব হয়েছে।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com