
মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল র্যান্ডি জর্জকে পদত্যাগ করে তাৎক্ষণিক অবসরে যেতে নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিবিএস নিউজকে এই তথ্য জানিয়েছে।
একটি সূত্র জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হেগসেথের সেনাবাহিনী নিয়ে পরিকল্পনা বাস্তবায়নে সক্ষম এমন নেতৃত্বই তিনি এই পদে দেখতে চান।
পেন্টাগনের মুখপাত্র সিন পারনেল এক বিবৃতিতে বলেন, ‘সেনাবাহিনীর ৪১তম চিফ অব স্টাফ হিসেবে জেনারেল জর্জ তাৎক্ষণিকভাবে অবসর নিচ্ছেন। তার দীর্ঘদিনের সেবার জন্য আমরা কৃতজ্ঞ এবং তার ভবিষ্যৎ জীবন মঙ্গলময় হোক।’
এছাড়া আরও দুই জ্যেষ্ঠ কর্মকর্তা জেনারেল ডেভিড হোডনে এবং মেজর জেনারেল উইলিয়াম গ্রিনকেও তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
জেনারেল জর্জ এর আগে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সিনিয়র সামরিক সহকারী হিসেবে ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ক্যারিয়ার ইনফ্যান্ট্রি অফিসার জর্জ এর আগে প্রথম উপসাগরীয় যুদ্ধ, ইরাক ও আফগানিস্তান যুদ্ধেও অংশ নিয়েছেন।
সাধারণত সেনাবাহিনীর চিফ অব স্টাফের মেয়াদ চার বছর হয়। জর্জকে ২০২৩ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন নিয়োগ দেন এবং সিনেট তাকে অনুমোদন দেয়। সে অনুযায়ী তার মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত থাকার কথা ছিল।
বর্তমানে ভাইস চিফ অব স্টাফ জেনারেল ক্রিস্টোফার লানিভ ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি এর আগে ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কমান্ডিং জেনারেল ছিলেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]