
বিমান দুর্ঘটনায় আকস্মিক মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ারের। এ ঘটনায় শোকস্তব্ধ মহারাষ্ট্র। তবে এর পরই চোরাস্রোতের মতো আলোচনা শুরু হয়, এরপর এই পদে কে বসবেন, কে হবেন নতুন উপমুখ্যমন্ত্রী। অবশেষে মহারাষ্ট্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার।
শনিবার (৩১ জানুয়ারি) মুম্বাইয়ের লোকভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সুনেত্রা। তিনি রাজ্যটির প্রথম নারী উপমুখ্যমন্ত্রী।
এদিন সুনেত্রা পাওয়ারকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আচার্য দেবব্রত।
উপমুখ্যমন্ত্রীর পাশাপাশি সুনেত্রা পাওয়ার মহারাষ্ট্র সরকারের আবগারি, ক্রীড়া ও যুব কল্যাণ এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের দায়িত্বও সামলাবেন।
উল্লেখ্য, বুধবার মহারাষ্ট্রের বারামতীতে একটি চার্টার্ড বিমান দুর্ঘটনায় প্রাণ হারান অজিত পাওয়ার। তার প্রয়াণের পর রাজ্যটির ক্ষমতাসীন মহাযুতি জোটের শরিক এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠী সর্বসম্মতিক্রমে সুনেত্রা পাওয়ারকে তাদের বিধায়ক দলের নেত্রী হিসেবে নির্বাচিত করে। সেই সিদ্ধান্তের এক দিনের মধ্যেই তিনি উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
সাধারণত ভারতের সব রাজ্যে উপমুখ্যমন্ত্রী পদ নেই।
যেসব রাজ্যে জোট সরকার ক্ষমতায় আসে, সেখানে ক্ষমতার ভাগাভাগির প্রতিচ্ছবি হিসেবেই উপমুখ্যমন্ত্রী পদ তৈরি হয়। ২০২৩ সালের জুলাই মাসে মহারাষ্ট্রে এনসিপি ভেঙে দুই ভাগে বিভক্ত হয়, একটি এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠী এবং অপরটি এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠী।
সম্প্রতি কানাঘুষো চলছিল, দুই এনসিপি গোষ্ঠী আবার এক হয়ে যেতে পারে। শরদ পাওয়ার আগেই জানিয়েছিলেন, আগামী ১২ ফেব্রুয়ারি এনসিপির দুই শিবির আবার একত্রিত হবে।
এনসিপি সূত্রে খবর, শরদ পাওয়ার ও অজিত পাওয়ার ‘মহামিলন’ চাইছিলেন। কিন্তু তার আগেই বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু হওয়ায় সেই আলোচনা থমকে যায়।
রাজনৈতিক মহলের অভিমত, দুই এনসিপি দল যদি এক হয়ে যেত, তাহলে শরদ পাওয়ারই সর্বেসর্বা হতেন, এ কথা বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে উপমুখ্যমন্ত্রীর পদ থাকত না। কিন্তু অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুর ফলে সব রাজনৈতিক সমীকরণ বদলে যায়। আর তাই শেষ পর্যন্ত উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাতে এগিয়ে এলেন অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]