গভীর রাতে মোদির বার্তা ও আশ্বাসের পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৯:১২
গভীর রাতে মোদির বার্তা ও আশ্বাসের পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

ভারতে চলমান আন্দোলন ও উত্তেজনার মধ্যে গভীর রাতে ভিডিও বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্তায় তার দেয়া আশ্বাসের পর ২৬ দিন পর অনশন ভেঙেছেন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। বর্তমানে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী জে পি নড্ডা এবং জিতেন্দ্র সিংহের উপস্থিতিতে তিনি অনশন প্রত্যাহার করেন।


বৃহস্পতিবার (২৩ জুন) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ২ মিনিট ৫৫ সেকেন্ডের ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন নরেন্দ্র মোদি। ভিডিও বার্তায় তিনি শুক্রবারের ক্যাবিনেট বৈঠকে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আরও কঠোর আইনি পদক্ষেপের আশ্বাস দেন।


বার্তায় মোদি বলেন, ‘প্রশ্নফাঁস কোনো সাধারণ বিষয় নয়। লাখ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য এটি কষ্টদায়ক। এই কেলেঙ্কারির বিরুদ্ধে আড়াই মাসে সরকারের তরফে অনেক পদক্ষেপ নেয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করে সংশোধনাগারে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের যাতে এক বছর নষ্ট না হয় তাই দ্বিতীয়বার পরীক্ষার ব্যবস্থাও করা হয়। ২২ লাখ পরীক্ষার্থী সেই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ইতিমধ্যে ফলাফলও প্রকাশিত হয়েছে। এর ফলে অনেকেই খুশি তবে সরকার এখনও সন্তুষ্ট নয়। অপরাধীদের কঠোর শাস্তি দেয়ার লক্ষ্যে দপ্তরকে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দেয়া হয়েছে। ইতিমধ্যেই নির্দিষ্ট দপ্তর ফাস্ট ট্র্যাক আদালত সংক্রান্ত খসড়া জমা দিয়েছে। শুক্রবার এই বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে। তার পরে নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।’


মোদির দাবি, সোমবার থেকে সংসদে যে অধিবেশন শুরু হবে সেখানে ওই খসড়া বিল পাশ করানোর চেষ্টা করা হবে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘প্রশ্নফাঁসের বিরুদ্ধে আগামীকাল মন্ত্রিসভায় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।’


মোদির এমন প্রতিশ্রুতির পরে বৃহস্পতিবার রাতে ২৭ দিনের মাথায় হাসপাতালের খাটে বসেই অনশন প্রত্যাহার করেন ওয়াংচুক। ওই সময় হাসপাতালে উপস্থিত ছিলেন তার স্ত্রী গীতাঞ্জলি জৈন আংমো। হাসপাতালে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা ও জিতেন্দ্র সিংহ। অনশন প্রত্যাহারের পরে ওয়াংচুককে উত্তরীয় পড়িয়ে সম্মান জানান হাসপাতালে উপস্থিত বেশ কয়েকজন।


সোনম অনশন ভাঙার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পোস্টে সোনম ওয়াংচুকের চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে এবং দ্রুত তার পুরোনো স্বাস্থ্য ও ওজন ফিরে পেতে সুস্থতা কামনা করেছেন তিনি।


প্রসঙ্গত, নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসসহ একাধিক ইস্যু নিয়ে সূচনা আন্দোলনের। তাদের দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এই দাবিতেই দেশের রাজধানীতে বিক্ষোভের সুর তোলে ককরোচ জনতা পার্টি। তাতে শামিল হয় পরীক্ষার্থী, পড়ুয়ারা। ওই আন্দোলন সমর্থন করে, জুন মাসের ২৮ তারিখ থেকে অনশন শুরু করেন সোনম। যন্তর মন্তরেই অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেন তিনি। সোনমের অনশন, নতুন মাত্রা দেয় আন্দোলনকে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com