
দেশে এক বছরে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি (এইডস) শনাক্ত হয়েছে। আগের বছরের তুলনায় এ সংখ্যা ২২ শতাংশ বেশি। নতুন শনাক্ত ব্যক্তিদের ৮৫ শতাংশ পুরুষ। তাদের মধ্যে ৬০ শতাংশই পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসএম) ও পুরুষ যৌনকর্মী (এমএসডব্লিউ) জনগোষ্ঠীর। আক্রান্ত ব্যক্তিদের বড় একটি অংশ তরুণ ও যুবক। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণের বিষয়টি উদ্বেগজনক বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ।
রবিবার (২৯ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যসেবা বিভাগের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে ২০২৬ সালের এইচআইভি সংক্রমণের চিত্র তুলে ধরা হয়।
গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করে এ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২৬ সালে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে মোট ২৬ লাখ ৪৯ হাজার ৬৫৩ জনের এইচআইভি পরীক্ষা ও স্ক্রিনিং করা হয়েছে। তাঁদের মধ্যে ২ হাজার ৩০৫ জনের শরীরে নতুন করে এইচআইভি শনাক্ত হয়েছে। আগের বছর, অর্থাৎ ২০২৫ সালে নতুন শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৮৯১।
তিনি বলেন, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৫০ শতাংশ এমএসএম, ১০ শতাংশ এমএসডব্লিউ, ৪ শতাংশ শিরায় মাদক গ্রহণকারী, ১ শতাংশ নারী যৌনকর্মী এবং ১ শতাংশ হিজড়া জনগোষ্ঠীর সদস্য। এ ছাড়া ৫ শতাংশ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা), ১১ শতাংশ প্রবাসফেরত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্য এবং ১৮ শতাংশ অন্যান্য সাধারণ জনগোষ্ঠীর।
মন্ত্রী বলেন, নতুন শনাক্ত ব্যক্তিদের ৬১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে। ২০ থেকে ২৪ বছর বয়সী ২৪ শতাংশ। বাকি ১৫ শতাংশ অন্যান্য বয়সের। বৈবাহিক অবস্থার হিসাবে আক্রান্ত ব্যক্তিদের ৪৮ শতাংশ বিবাহিত, ৪৮ শতাংশ অবিবাহিত, ১ শতাংশ বিধবা এবং ১ শতাংশ বিবাহবিচ্ছিন্ন বা একা বসবাসকারী।
তিন হাজারের বেশি সংক্রমিত ব্যক্তি শনাক্তের বাইরে
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশে এইচআইভিতে আক্রান্ত ব্যক্তির অনুমিত সংখ্যা ১৯ হাজার ৮৪৩। এর মধ্যে এ পর্যন্ত ১৬ হাজার ৬১৮ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। অর্থাৎ এখনো তিন হাজারের বেশি সংক্রমিত ব্যক্তি শনাক্তের বাইরে রয়েছেন।
তিনি বলেন, ২০২৬ সালে এইচআইভিতে আক্রান্ত হয়ে ২৮৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আগের বছর এ সংখ্যা ছিল ২৫৪। অর্থাৎ এক বছরের ব্যবধানে এইচআইভি-সম্পর্কিত মৃত্যুর সংখ্যাও বেড়েছে। তবে নতুন শনাক্ত ব্যক্তিদের চিকিৎসার আওতায় আনার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। চলতি বছরে শনাক্ত হওয়া ২ হাজার ৩০৫ জনের মধ্যে ৮৭ দশমিক ৮ শতাংশকে শনাক্তের পরপরই চিকিৎসার আওতায় আনা হয়েছে।
বিনা মূল্যে চিকিৎসা পাচ্ছেন ১০ হাজারের বেশি রোগী
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে সরকারি অর্থায়ন ও গ্লোবাল ফান্ডের সহযোগিতায় দেশে এইচআইভি প্রতিরোধ, পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকারিভাবে ২০ জেলার ২৩টি সরকারি হাসপাতালে এইচআইভি পরীক্ষার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া ১৬টি মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালে এবং আটটি এনজিও পরিচালিত ড্রপ-ইন সেন্টারে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
বর্তমানে ১০ হাজার ১১৪ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তিকে সরকার বিনা মূল্যে এআরভি ওষুধ সরবরাহ করছে। ২০১৭ সাল থেকে এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ব্যয় সরকার বহন করছে। চতুর্থ অপারেশনাল প্ল্যানের কার্যক্রম স্থগিত হওয়ার পরও বিশেষ বরাদ্দের মাধ্যমে ওষুধ ও চিকিৎসাসামগ্রী কেনা এবং সরবরাহ অব্যাহত রাখা হয়েছে।
দেশের ৪২টি জেলায় প্রায় ১ লাখ ৪৫ হাজার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি ও যৌনবাহিত রোগ প্রতিরোধে কার্যক্রম চলছে। তাঁদের মধ্যে শিরায় মাদক গ্রহণকারী ২৯ হাজার ৮৯৭ জন, এমএসএম ও এমএসডব্লিউ ৮২ হাজার ২০৫ জন, নারী যৌনকর্মী ২৫ হাজার ৫৭৩ জন এবং হিজড়া জনগোষ্ঠীর ৬ হাজার ৯৯৫ জন রয়েছেন।
এসব কার্যক্রমের আওতায় বিনা মূল্যে পরীক্ষা, প্রতিরোধসামগ্রী বিতরণ, যৌনবাহিত রোগের চিকিৎসা, আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার আওতায় আনা এবং সচেতনতা তৈরির কাজ করা হচ্ছে।
এ ছাড়া ১১টি জেলার ১২টি কারাগারে এইচআইভি পরীক্ষা ও চিকিৎসাসেবা চালু রয়েছে। কক্সবাজারের ৩৪টি নিবন্ধিত রোহিঙ্গা শিবিরে উন্নয়ন সহযোগী ও এনজিও পরিচালিত হাসপাতালের মাধ্যমে পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]