
মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় বরাদ্দ পাওয়া সরকারি বাসা ও ফ্ল্যাট অন্যের কাছে ভাড়া দেওয়া কিংবা সাবলেট দেওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এরই মধ্যে যেসব বরাদ্দপ্রাপক বাসার পুরোটা বা কোনো অংশ ভাড়া দিয়েছেন, তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও শৃঙ্খলা শাখা থেকে জারি করা সংশোধিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় বরাদ্দ পাওয়া কোনো বাসা বা ফ্ল্যাটের সম্পূর্ণ অংশ কিংবা এক বা একাধিক কক্ষ অন্যের কাছে ভাড়া বা সাবলেট দেওয়া যাবে না। এরই মধ্যে কেউ এ ধরনের কাজ করে থাকলে নির্ধারিত সময়ের মধ্যে ভাড়াটিয়া সরিয়ে নিজে বরাদ্দ করা বাসায় বসবাস নিশ্চিত করতে হবে।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বরের পর কোনো বরাদ্দ করা বাসায় সাবলেট বা ভাড়াটিয়া পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই ‘বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২’ অনুযায়ী বাসার বরাদ্দ বাতিল করা হবে। পাশাপাশি বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগে সরকারি আবাসন পরিদপ্তর গত ২৯ অক্টোবর পরিদপ্তরের আওতাধীন সরকারি বাসা ও ফ্ল্যাটে ভাড়া বা সাবলেট বন্ধে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। পরবর্তী সময়ে ৯ নভেম্বর অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত বাসা বরাদ্দ কমিটির সভায় নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে নতুন করে সংশোধিত বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]