বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ
রাজধানীজুড়ে বসল ২৫০ চেকপোস্ট, নিরাপত্তা জোরদার
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৫
রাজধানীজুড়ে বসল ২৫০ চেকপোস্ট, নিরাপত্তা জোরদার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় পর রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড়সহ বিভিন্ন এলাকায় ২৫০টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে পুলিশ। এসব চেকপোস্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে মোটরসাইকেল, সিএনজি ও প্রাইভেট কার তল্লাশি করা হচ্ছে।


ডিএমপি মিডিয়া বিভাগের উপ-কমিশনার আকতার হোসেন সাংবাদিকদের জানান, রবিবারের ককটেল বিস্ফোরণের ঘটনায় আমরা ১৫ জনকে গ্রেফতার করেছি। পাশাপাশি রাজধানীতে নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে। তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর তেজগাঁও, মহাখালী, মিরপুর, গাবতলী, যাত্রাবাড়ী, পল্টন, শাহবাগ, কাওরানবাজার, বাড্ডা, রামপুরা, উত্তরা ও ভাটারা এলাকায় চলছে তল্লাশি।


রামপুরা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, বিটিভির সামনে চেকপোস্ট তল্লাশি কার্যক্রম চলছে। সন্দেহভাজন মোটরসাইকেল, সিএনজি ও প্রাইভেট কারে তল্লাশি চালানো হচ্ছে।


তিনি জানান, সকালে বনশ্রীর সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় আমরা দুজনকে গ্রেফতার করেছি।


শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, আগাঁরগাও মেট্রো স্টেশনের নিচে আমাদের তল্লাশি কার্যক্রম চলছে।


রমনা থানার উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, নিরাপত্তা জোরদার করা হয়েছে। রমনা বিভাগের প্রতিটি থানাকে তল্লাশি বা চেকপোস্ট কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান, প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে চেকপোস্ট পরিচালনার জন্য। যে সব দুর্বৃত্ত ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়াতে চায়, তাদের গ্রেফতারে আমরা অভিযান পরিচালনা করছি।


গত শুক্রবার (৬ নভেম্বর) থেকে রাজধানীজুড়ে গুরুত্বপূর্ণ এলাকাভেদে চলছে ককটেল বিস্ফোরণের ঘটনা।


বাদ যাচ্ছে না থানাগুলোও। রবিবার রাতে একসঙ্গে রাজধানীর অন্তত ৫ থানাসহ ১৫টি স্পটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ দিন ভাটারা থানার সন্মুখভাগে একটি স্কুল বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। তার আগে একই এলাকায় একটি যাত্রীবাহী বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে শনিবার রাতে যাত্রাবাড়ী থানার সামনে ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com