
রংপুরের গঙ্গাচড়ায় ঐতিহ্যবাহী পদ্ধতিতে সরিষার তেল উৎপাদনের দেশীয় প্রযুক্তি তেলের ঘানি ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রবিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের চন্দনের হাটে গিয়ে তিনি এই গ্রামীণ ঐতিহ্যবাহী উৎপাদন পদ্ধতি সশরীরে প্রত্যক্ষ করেন।
ঘানিতে ঘোড়া দিয়ে সরিষা থেকে তেল নিষ্কাশনের পুরো প্রক্রিয়াটি মনোযোগ সহকারে দেখেন রাষ্ট্রদূত। এ সময় তিনি স্থানীয় গাছি ও ঘানি শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং এই সনাতন পদ্ধতির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। ঘানিভাঙা খাঁটি সরিষার তেল তৈরির এই দৃশ্য দেখে মুগ্ধতা প্রকাশ করে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ঘানিভাঙা সরিষার তেল! সরিষার তেল তৈরির ঐতিহ্যবাহী পদ্ধতি এখনও বাংলাদেশে সুন্দরভাবে টিকে আছে দেখে অসাধারণ লাগল।
এর আগে, রাষ্ট্রদূত গঙ্গাচড়া উপজেলার খাপরিখাল এলাকায় অবস্থিত দেশের শীর্ষস্থানীয় এগ্রো-শিল্পপ্রতিষ্ঠান ‘প্যারাগন এগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেড’-এর উন্নত জাতের ডেইরি খামার পরিদর্শন করেন। সেখানে তিনি উন্নত প্রযুক্তিতে গাভির পরিচর্যা, আধুনিক খাদ্য ব্যবস্থাপনা, প্রজনন ও দুধ প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম ঘুরে দেখেন এবং খামারে উৎপাদিত তরল দুধ পান করেন।
ডেইরি ফার্ম পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন মন্তব্য করেন, উন্নত জেনেটিক্স ও মানসম্পন্ন পুষ্টিকর পশুখাদ্য ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বহুলাংশে বৃদ্ধি করা সম্ভব। তিনি উল্লেখ করেন, এই খামারে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত সয়াবিন ও ভুট্টাসহ উন্নতমানের খাদ্য উপকরণ ব্যবহার করা হচ্ছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য নতুন রপ্তানি ও বাজার সুবিধা তৈরি করছে এবং দুই দেশের কৃষি খাতের বাণিজ্যিক সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করছে।
সফরে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তাঁর সহধর্মিণী ডিয়েন ডাও, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তা নিকোল ক্লারিসা বেসনার্ড, সৈয়দ ফাইজুস সালেহিন এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়াও পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার, রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান। গঙ্গাচড়ার কর্মসূচি শেষে মার্কিন রাষ্ট্রদূত লালমনিরহাটের তিস্তা ব্যারাজ প্রকল্পের উদ্দেশ্যে রওনা হন।
বিবার্তা/নাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]