সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর কবলে প্রাণ গেল শিক্ষিকার
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১৪:৩২
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর কবলে প্রাণ গেল শিক্ষিকার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের কবলে পড়ে মোসা. রনজিনা পারভীন (৪৫) নামে এক প্রধান শিক্ষিকা নিহত হয়েছেন। মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁর হাতব্যাগ টান দেয়। এতে রিকশা থেকে পড়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে এই ঘটনা ঘটে। নিহত রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।


ডিসি ইবনে মিজান বলেন, এ ঘটনায় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। আশা করছি, শিগগিরই তাদের শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হবে।


পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রনজিনা পারভীন চিকিৎসার জন্য বগুড়া থেকে রাজধানীতে এসেছিলেন। তাঁর ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা ছিল। গতরাতে তিনি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাস থেকে নামেন। পরে রিকশায় করে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। তাঁকে বহনকারী রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারী তাঁর হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এ সময় ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে রনজিনা রিকশা থেকে রাস্তায় পড়ে যান। এতে মাথা ফেটে গুরুতর আহত হন তিনি। পরে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com