
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশে কোনো মাজার ধ্বংস করা হলে আমরা ঘরে বসে থাকব না। তিনি বলেন, গত অন্তর্বর্তী সরকারের আমলে দেশের ১২৭টি মাজার ধ্বংসের চেষ্টা করা হয়েছিল। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমান মাজারের খাদেমকে পুড়িয়ে হত্যা করেছেন। এ ধরনের ঘটনা আর হতে দেওয়া হবে না।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জে আহলে সুন্নত ওয়াল জামা'য়াত আয়োজিত জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, পীরের তরিকা, মাজার বা কোনো ধর্মীয় স্থান কেউ ভাঙতে পারবে না। হযরত মুহাম্মদ (সা.) মানুষকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না। আপনারা মওদুদী আইন বাস্তবায়ন করতে পারবেন না। ক্ষমতায় চলে গেছেন—এমনটা মনে করে মন্ত্রিসভাও গঠন করেছিলেন। কিন্তু জনগণ আপনাদের সেই আশা পূরণ করতে দেয়নি।
তিনি আরও বলেন, আমরা নবীর তরিকা অনুসরণ করে ঐক্যবদ্ধ থাকব। রাসুল (সা.)-এর নবুয়তের ১৪ বছর এবং তাঁর নীতি-আদর্শ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। মদিনায় ব্যবসায়ীদের সম্পদ চুরি হলে রাসুল (সা.) সঠিক বিচার করতেন। সে সময়ই হিলফুল ফুজুল গঠন করা হয়েছিল।
কৃষি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যেসব এলাকায় সারের ডিলার নেই, সেখানে ডিলার নিয়োগ দেওয়া হবে। ডিলার নিয়োগের মাধ্যমে সারের সংকট সমাধান করা হবে। কোনো কৃষক যাতে বেশি দামে সার কিনতে বাধ্য না হন, তা নিশ্চিত করা হবে। বিদ্যুতের চাহিদা পূরণে সোলার প্রকল্প নেওয়া হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বয়স্ক ভাতার কার্ড, কৃষক কার্ডসহ সরকারের প্রতিশ্রুত সব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
আহলে সুন্নত ওয়াল জামা'য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর প্রধান গোলাম মাহবুব জিহাদি।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, পঞ্চগড় পৌর বিএনপির সদস্য অ্যাডভোকেট এম এ বারী, দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল গনি বসুনিয়া, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, পঞ্চগড় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, দেবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাদেরী কিবরিয়া রানা, আহলে সুন্নত ওয়াল জামা'য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মোশাররফ হোসেন বাবুল, শিক্ষাদাতা ও খাদেম আইনাল হক, সদস্য সুজন ইসলাম ও জাকিরুল ইসলামসহ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহলে সুন্নত ওয়াল জামা'য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটির কার্যকরী সদস্য সফিকুল ইসলাম। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সংগঠনের নেতাকর্মী ও অনুসারীরা অংশ নেন।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]