৪৮তম বিসিএসে ১৮৪ জনকে নিয়োগ দিলো সরকার
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১৯:৫৮
৪৮তম বিসিএসে ১৮৪ জনকে নিয়োগ দিলো সরকার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

৪৮তম বিসিএসের (বিশেষ) মাধ্যমে আরও ১৮৪ জন চিকিৎসককে নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ১৬৫ জন সহকারী সার্জন এবং ১৯ জন সহকারী ডেন্টাল সার্জন।


মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারের প্রবেশ পদে এসব চিকিৎসককে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রমে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন শেষে তাদের নিয়োগ দেওয়া হয়।


নিয়োগপ্রাপ্তদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে সম্মত নন বলে গণ্য হবেন এবং তার নিয়োগপত্র বাতিল বলে বিবেচিত হবে।


নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। এ সময় তাদের বুনিয়াদি ও পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। সরকার প্রয়োজন মনে করলে শিক্ষানবিশকাল সর্বোচ্চ আরও দুই বছর বাড়াতে পারবে। শিক্ষানবিশকালে চাকরিতে বহাল থাকার অনুপযোগী বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অপসারণ করা হতে পারে।


প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। চাকরিতে যোগদানের সময় তাদের ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে নির্ধারিত বন্ড দিতে হবে। শিক্ষানবিশকাল শেষ হওয়ার পর তিন বছরের মধ্যে চাকরি ছাড়লে প্রশিক্ষণের জন্য ব্যয় করা অর্থ ফেরত দিতে হবে।


এ ছাড়া যোগদানের সময় নিয়োগপ্রাপ্তদের সম্পত্তির হিসাব বিবরণী এবং যৌতুক না নেওয়ার অঙ্গীকারনামা দাখিল করতে হবে।


এর আগে ৪৮তম বিসিএসের (বিশেষ) প্রথম প্রজ্ঞাপন গত ২২ জানুয়ারি জারি করা হয়। ওই দফায় ৩ হাজার ২৬৩ জনকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছিল। ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল।


নতুন ১৮৪ জনসহ ৪৮তম বিসিএস (বিশেষ) থেকে সরকারের নিয়োগ প্রক্রিয়ায় আরও চিকিৎসক যুক্ত হলেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com