মগবাজারে চার পরিবহনকে লরি চাপা, নিহত ২
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৭:০৮
মগবাজারে চার পরিবহনকে লরি চাপা, নিহত ২
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস এলাকায় উড়ালসেতু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।


রবিবার (৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মগবাজার গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, উড়ালসেতু থেকে নামার সময় কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেল ও একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জামান আহামেদ (৪২) ও রিয়াদ হোসেন (২২) নামের দুজনকে মৃত ঘোষণা করেন।


প্রত্যক্ষদর্শীদের একজন বলছেন, দুমড়ে-মুচড়ে যাওয়া যানবাহনগুলো ঘটনাস্থলে রয়েছে। রাস্তার ওপর ছোপ ছোপ রক্তের দাগ দেখা গেছে।


জামান নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকিরপাড়া গ্রামের ইলিয়াস ফকিরের ছেলে আর রিয়াদ একই এলাকার লিয়াকত ফকিরের ছেলে। তাঁদের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com