ঢাকায় ফিরল ২৫৯ যাত্রী নিয়ে ইতালিতে আটকে পড়া বিমান
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১৫:০৬
ঢাকায় ফিরল ২৫৯ যাত্রী নিয়ে ইতালিতে আটকে পড়া বিমান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমে দীর্ঘ সময় আটকে থাকার পর অবশেষে দেশে ফিরেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটের যাত্রীরা।


রবিবার (৯ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে ২৫৯ যাত্রী নিয়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, রোমে উড়োজাহাজটির কারিগরি ত্রুটি মেরামতের পর যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় ফ্লাইটটি। পরে নিরাপদে ঢাকায় অবতরণ করে।


এর আগে বৃহস্পতিবার কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিজি-৩০৬। শুক্রবার রোমের ফিউমিচিনো বিমানবন্দরে যাত্রাবিরতির সময় উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। দীর্ঘ সময় চেষ্টা করেও তাৎক্ষণিকভাবে ত্রুটি সারানো সম্ভব না হওয়ায় ফ্লাইটটি বাতিল করা হয় এবং যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে নেওয়া হয়।



উড়োজাহাজটি সচল করতে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও সরঞ্জাম নিয়ে বিমানের প্রকৌশলী দল শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১১টার দিকে রোমে পৌঁছায়। পরে প্রকৌশলীরা মেরামতকাজ শেষ করে উড়োজাহাজটিকে পুনরায় উড্ডয়নের উপযোগী করেন।


তবে উড়োজাহাজের কারিগরি ত্রুটির পাশাপাশি রোমে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি নিয়ে অভিযোগ ওঠে। ইতালির ভিসা না থাকায় অনেক বাংলাদেশি যাত্রীকে বিমানবন্দরের বাইরে যাওয়ার অনুমতি দেয়নি স্থানীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ফলে দীর্ঘ সময় তাদের বিমানবন্দরের ভেতরেই অবস্থান করতে হয়।


যাত্রীদের অভিযোগ, ত্রুটি শনাক্ত হওয়ার পরও দীর্ঘ সময় তাদের উড়োজাহাজের ভেতরে অপেক্ষা করতে হয়েছে। পরে লাউঞ্জের ব্যবস্থা করা হলেও সেখানে সবার জায়গা হয়নি। ফলে কয়েকজন যাত্রীকে চেয়ারে কিংবা মেঝেতে রাত কাটাতে হয়েছে। খাবার পেতে বিলম্ব এবং প্রয়োজনীয় ওষুধ সময়মতো না পাওয়ার অভিযোগও করেন কয়েকজন যাত্রী।


দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তা ও ভোগান্তির পর রোববার দুপুরে ঢাকায় পৌঁছান বিজি-৩০৬ ফ্লাইটের যাত্রীরা। এর মধ্য দিয়ে রোমে আটকে পড়া যাত্রীদের প্রায় ২৮ ঘণ্টার দুর্ভোগের অবসান হলো।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com