
বাংলাদেশ ক্রীকেট দলের সাবেক অধিনায়ক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের দেশে ফেরার আর কোনো সুযোগ নেই বলে মনে করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি বলেন, ‘আমরা অনেক নমনীয়, অনেক সহনশীলভাবেই জিনিসটাকে দেখছিলাম। এরপরে আর মনে হয় না যে ওইভাবে চিন্তা করার সুযোগ আছে।’
আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাকিবকে দেশে ফিরতে হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘যে স্বৈরাচারের স্টেজে উঠেছে, তার তো আর আসার সুযোগ আছে বলে মনে হয় না। একজন খেলোয়াড় হিসেবে যেটা আমরা চিন্তা করছিলাম, এখন আর কোনো সুযোগ নেই। সে যদি আসে, তাহলে আইনগতভাবে আসবে।’
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর আমিনুল হক বলেছিলেন, সাকিব ও মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে থাকা মামলাগুলোর দ্রুত সমাধান হলে তারা আবারও বাংলাদেশের ক্রিকেটে ফিরতে পারবেন। তখন তিনি বিষয়টি ‘নমনীয় ও সহনশীলভাবে’ দেখার কথা জানিয়েছিলেন।
সম্প্রতি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি অনলাইন কনফারেন্সে যুক্ত হওয়ার পর সমালোচনার মুখে পড়েন সাকিব আল হাসান। পরে এক সাক্ষাৎকারে তিনি দেশে ফেরার বিষয়ে অনিশ্চয়তা প্রকাশ করে বলেন, দ্রুত ফেরা সম্ভব না হলে ডিসেম্বরের দিকে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]