
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন ও পানি নিষ্কাশন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে তিনি নিজে গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে কয়েকটি এলাকার বর্জ্য ব্যবস্থাপনা ও নগর সেবার পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে উদ্ভূত সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বরতদের কঠোর নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, আজ বিকেলে হঠাৎ করেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে নিজের বাসভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী। পরবর্তী সময়ে তাদের সঙ্গে নিয়ে বিকেল সাড়ে ৩টায় তিনি সরেজমিন নগর পরিদর্শনে বের হন।
পরিদর্শনের পুরোটা সময় প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন রুট প্রদক্ষিণ করেন। তার পরিদর্শনের রুটে ছিল–ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা (সেক্টর ৩, ৪, ৫ ও ৬), এয়ারপোর্ট রোড, কাকলী মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুর, সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড, জাপান গার্ডেন সিটি, শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ঢাকা সংলগ্ন ক্যান্টনমেন্ট এলাকা, সৈনিক ক্লাব, কাকলী ও বনানী। দীর্ঘ রুট পরিদর্শন শেষে তিনি গুলশানের বাসভবনে ফিরে আসেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য অপসারণ ব্যবস্থা, ড্রেনেজ বা পানি নিষ্কাশন ব্যবস্থা এবং সড়কের পাশে ও আইল্যান্ডে বৃক্ষরোপণ এবং সবুজায়নের বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]