নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষে নিহত ৩, বহু এলাকায় জারি কারফিউ
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১০:৪২
নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষে নিহত ৩, বহু এলাকায় জারি কারফিউ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে নেপালের দক্ষিণাঞ্চল। সহিংসতায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সুনসারিসহ আশপাশের একাধিক এলাকায় কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।


এদিকে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি বলেছেন, সহিংসতার ঘটনায় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করা হবে এবং দায়ীদের আইনের আওতায় আনা হবে।


সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার পর সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।


বৃহস্পতিবার (৩০ জুলঅই) জাতির উদ্দেশে দেয়া প্রথম গুরুত্বপূর্ণ ভাষণে তিনি নাগরিকদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান এবং দেশে তৈরি হওয়া অস্থিরতা দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করার অনুরোধ করেন।


কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের সীমান্তবর্তী সুনসারি জেলার একটি গ্রামে গত রবিবার সহিংসতার সূত্রপাত হয়। হিন্দুদের একটি শোভাযাত্রায় উচ্চ শব্দে গান বাজানো এবং ধর্মীয় পতাকা নিয়ে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ শুরু হয়।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে দুই ব্যক্তি নিহত হন বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে। এরপর বৃহস্পতিবার কারফিউ চলাকালেই পাশের সিরাহা জেলায় বিক্ষোভের সময় আরও একজন নিহত হন।


এমন অবস্থায় আরও সংঘর্ষ ঠেকাতে সুনসারি ও আশপাশের জেলাগুলোতে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।


এদিন জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী শাহ বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমি দেশের জনগণ, নাগরিক সমাজ, ধর্মীয় সম্প্রদায়, সম্মানিত নেতৃবৃন্দ, সব রাজনৈতিক দল এবং দায়িত্বশীল গণমাধ্যমের প্রতি ধৈর্য ও সংযম বজায় রাখার এবং শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও জাতীয় ঐক্য রক্ষার আন্তরিক আহ্বান জানাচ্ছি।’


তিনি ঘটনার ‘সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ’ তদন্তের প্রতিশ্রুতি দিয়ে বলেন, দায়ীদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।


পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে তারা কাজ করছে। পুলিশের মুখপাত্র কাফলে বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘সব পুলিশ সদস্যকে সতর্ক অবস্থায় মাঠে রাখা হয়েছে। সর্বনিম্ন শক্তি প্রয়োগ করে সম্পদ রক্ষা এবং যেকোনও সংঘাত এড়ানোর চেষ্টা করা হচ্ছে।’


প্রসঙ্গত, নেপালের মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশই হিন্দু। তবে দেশটির দক্ষিণাঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনগোষ্ঠীরও বসবাস রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com