বাংলাদেশে ভ্রমণ সতর্কতা কমালো যুক্তরাষ্ট্র
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৯:০৬
বাংলাদেশে ভ্রমণ সতর্কতা কমালো যুক্তরাষ্ট্র
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

বাংলাদেশের জন্য জারি করা ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। নতুন নির্দেশনায় বাংলাদেশকে ‘লেভেল-৩’ থেকে ‘লেভেল-২’-এ নামানো হয়েছে। এর অর্থ, আগের তুলনায় বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকি কমেছে এবং দেশটিকে ভ্রমণের জন্য আরও নিরাপদ হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।


বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের বৈঠকের পর এ ইতিবাচক পরিবর্তনের ঘোষণা আসে।


ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।


বৈঠকের পরপরই সার্জিও গর এক টেক্সট বার্তার মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা পরিবর্তনের বিষয়টি জানান।


বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।


পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভ্রমণ সতর্কতার এই উন্নতি বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার বিষয়ে যুক্তরাষ্ট্রের বাড়তে থাকা আস্থার প্রতিফলন।


গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারে দৃশ্যমান অগ্রগতি করেছে বলেও উল্লেখ করা হয়েছে।সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত বাংলাদেশের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির উপযোগী পরিবেশ তৈরিতে সরকারের ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি।


বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারত্ব আরও শক্তিশালী হওয়ার ধারাবাহিকতায় এ সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে ঢাকা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com