বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনই হবে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১১:৫২
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনই হবে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

বন্যা পরিস্থিতির উন্নতি হলে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনই হবে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত, কৃষকের ফসল, গবাদিপশু ও মৎস্য খাতের ক্ষয়ক্ষতি পুষিয়ে দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার।


সোমবার (১৩ জুলাই) রাতে কক্সবাজারে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, ত্রাণ কার্যক্রমের পাশাপাশি এখন থেকেই পুনর্বাসনের প্রস্তুতি নেয়া হচ্ছে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী এবং সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর কাজ চলমান রয়েছে।


সভায় স্থানীয় জনপ্রতিনিধিরা অভিযোগ করেন, স্লুইস গেটগুলো যথাযথভাবে পরিচালিত না হওয়ায় বন্যার ক্ষয়ক্ষতি বেড়েছে। এ বিষয়ে দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।


রোহিঙ্গা ক্যাম্পে বন্যা ও পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। পাশাপাশি পাহাড়ধস রোধে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে স্থানান্তর, বিকল্প আবাসনের ব্যবস্থা এবং জনসচেতনতা বাড়াতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।


তিনি জানান, বর্ষা মৌসুম এখনো প্রায় দেড় মাস বাকি থাকায় আবারও দুর্যোগের আশঙ্কা রয়েছে। তাই সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় রেখে আগাম প্রস্তুতি এবং দ্রুত পুনর্বাসন কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্ট দফতরগুলোকে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহের নির্দেশ দেয়া হয়েছে।


প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন সরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠন নিজ নিজ অবস্থান থেকে কাজ করছে। তবে আরও ভালো সমন্বয় নিশ্চিত করা গেলে একই এলাকায় একাধিকবার সহায়তা পৌঁছানো কমবে এবং প্রত্যন্ত অঞ্চলের ক্ষতিগ্রস্তরাও দ্রুত সহায়তা পাবেন। বিশেষ করে চিকিৎসাসেবার ক্ষেত্রে সমন্বয় আরও জোরদারের উদ্যোগ নেয়া হয়েছে।


বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন আশ্বাস দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো-কোনো ক্ষুধার্ত বা ক্ষতিগ্রস্ত মানুষ যেন ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত না হন। একই সঙ্গে প্রত্যেক ক্ষতিগ্রস্ত মানুষ যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে জন্য সরকার সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।


ত্রাণ বিতরণে বৈষম্যের অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভালো সেখানে দ্রুত ত্রাণ পৌঁছানো সম্ভব হলেও বিচ্ছিন্ন ও দুর্গম এলাকায় পৌঁছাতে বেশি সময় লাগছে। সাতকানিয়াসহ বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সেনাবাহিনীর স্পিডবোট ব্যবহার করেও নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে। জেলা প্রশাসনের সীমিত নৌযানের কারণে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ এবং অন্যান্য সংস্থার সম্পদ সমন্বয়ের মাধ্যমে দুর্গম এলাকায় ত্রাণ ও চিকিৎসাসেবা পৌঁছে দেয়া হচ্ছে। সরকারের লক্ষ্য দ্রুততম সময়ে সব ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানো। তবে ভৌগোলিক ও লজিস্টিক সীমাবদ্ধতার কারণে সব এলাকায় একই সময়ে সহায়তা পৌঁছানো সবসময় সম্ভব হয় না।


মতবিনিময় সভায় কক্সবাজারের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদসহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com