
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক একটি সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এমকিউ-১ মডেলের ওই সামরিক ড্রোনটি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) অভিযান চালিয়ে ভূপাতিত করেছে। এ ঘটনার আগে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, সোমবার (১৩ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি প্রকাশিত প্রতিবেদনে মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি করা হলেও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনও বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছিল, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের কোনারাক শহর এবং দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ইরানের হামলায় মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত হওয়ার এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ সম্ভবত যুক্তরাষ্ট্র নেবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন।
একই সঙ্গে তিনি জানান, এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে অন্য দেশগুলোর কাছ থেকে অর্থ নেয়ার প্রত্যাশা করছে ওয়াশিংটন।
এর জবাবে ইরানের সামরিক বাহিনী বলেছে, হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের কোনও হস্তক্ষেপ তারা ‘মানে না এবং ভবিষ্যতেও মেনে নেবে না।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]