
আন্তর্জাতিক টেস্টিং ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষা করেই এগুলো আনা হয়েছে। আমরা অত্যন্ত আশ্বস্ত, শিশুদের উন্নতমানের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রবিবার (২৮ জুন) দেশজুড়ে শুরু হওয়া জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন শেষে রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এ মন্তব্য করেন মন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ইউনিসেফের সঙ্গে সমন্বয় করে আন্তর্জাতিক মান যাচাইয়ের মাধ্যমে উন্নতমানের ভিটামিন ‘এ’ ক্যাপসুল সংগ্রহ করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকার মান নিয়ে ইউনিসেফের সঙ্গে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক টেস্টিং ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষা করেই এগুলো আনা হয়েছে। আমরা অত্যন্ত আশ্বস্ত, শিশুদের উন্নতমানের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। তিনি জানান, সারা দেশে একযোগে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলসহ দেশের সব এলাকায় শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইনের কোনো শিশু নির্ধারিত দিনে বাদ পড়লে পরবর্তী দিনগুলোতে তাকে ক্যাপসুল খাওয়ানোর সুযোগ থাকবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, প্রথম দিন কেউ মিস করলে পরদিন, প্রয়োজনে তার পরের দিনও তাকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
হামের টিকাদান কর্মসূচির আওতায় থাকা শিশু ও ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রার মধ্যে সংখ্যাগত পার্থক্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের কোনো দেশই শতভাগ নিখুঁত পরিসংখ্যান দিতে পারে না। তবে সরকার সর্বোচ্চ চেষ্টা করে সব শিশুকে স্বাস্থ্যসেবার আওতায় আনছে। আমরা সব শিশুকেই কাভার করার চেষ্টা করেছি। তারপরও খুঁজে খুঁজে শিশুদের সেবা দেয়া হচ্ছে। এখন এই ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনও একটি সম্পূরক কর্মসূচি। এতে শিশুদের কোনো অসুবিধা হবে না।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবারের ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ জন্য সারা দেশে প্রায় ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র এবং প্রায় ৫০০ অস্থায়ী কেন্দ্রে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]