
ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে ১ হাজার ৪৩০ জন নিহত ও ৩ হাজার ২৩৮ জন আহত হয়েছেন। ভূমিকম্পের পর থেকে ৫১ হাজারের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের খুঁজে বের করার মরিয়া চেষ্টা চলছে। খবর আল জাজিরার।
উদ্ধারকাজ চলাকালে গত শুক্রবার (২৬ জুন) ফের ভেনেজুয়েলায় ভূমিকম্প আঘাত হানে। ৪ দশমিক ৯ তীব্রতার তুলনামূলক মৃদু এ ভূকম্পন রাজধানী কারাকাস এবং কাছাকাছি মারাকাই শহরে অনুভূত হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় ত্রাণ কার্যক্রমে ধীরগতির কারণে ক্ষোভ ও হতাশা বাড়ছে। বিশেষ করে লা গুয়াইরা রাজ্যে ভারী যন্ত্রপাতির অভাব এবং সরকারি কর্মকর্তাদের সীমিত উপস্থিতির কারণে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকেরা হাত দিয়েই ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন।
জাতিসংঘের এক প্রতিবেদনে অনুমান করা হয়েছে, বুধবারের ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ তীব্রতার জোড়া ভূমিকম্পের কারণে প্রায় ৬৭০ কোটি ডলারের প্রত্যক্ষ ক্ষতি হয়েছে। এর মধ্যে দ্বিতীয় ভূমিকম্পটি ছিল এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূকম্পন।
দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার সঙ্গে বৈরী সম্পর্ক থাকা কিছু দেশসহ বিভিন্ন বিদেশি উদ্ধারকারী দল বৃহস্পতি ও শুক্রবার থেকে পৌঁছাতে শুরু করেছে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেছেন রদ্রিগেজ।
এর আগে তিনি এবং অন্য কর্মকর্তারা মার্কিন সামরিক বাহিনীর নর্দার্ন কমান্ড ও দুর্যোগ বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন। যুক্তরাষ্ট্র ১৫ কোটি ডলারের সহায়তা দেওয়ার পাশাপাশি দেশটির ওপর থাকা নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে। এ ছাড়া মার্কিন সামরিক বাহিনী দুটি জাহাজও পাঠিয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]