তিনদিনের মাথায় ভেনেজুয়েলায় ফের ভূমিকম্প
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১৩:৫০
তিনদিনের মাথায় ভেনেজুয়েলায় ফের ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভেনেজুয়েলার উত্তর উপকূলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৯। স্বল্পমাত্রার হলেও নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এই ভূমিকম্প।


বুধবার (২৪ জুন) সন্ধ্যায় দেশটিতে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসের বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন পর্যন্ত অন্তত ৯২০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েক হাজার।


জোড়া ভূমিকম্পের তিনদিনের মাথায় আবারও ভূমিকম্প। ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) উত্তর ভেনেজুয়েলার মারাকায় থেকে ৬১ কিলোমিটার (৩৬ মাইল) উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি অনুভূত হয়।


সবশেষ এই ভূমিকম্প নিয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শুক্রবারের কম্পন মারাকায় ও কারাকাসে অনুভূত হয়েছে।


দক্ষিণ আমেরিকার এই দেশটি এখনও বুধবারের জোড়া শক্তিশালী ভূমিকম্পের ধকল কাটিয়ে উঠতে পারেনি। একটির মাত্রা ছিল ৭.২ এবং অন্যটির ৭.৫। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) অনুমান, মোট মৃত্যুর সংখ্যা ১০,০০০ ছাড়াতে পারে। এখন পর্যন্ত অন্তত ৩,৩৬০ জন আহত হয়েছে এবং ১৭২ জনের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, নিখোঁজের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়ে গেছে।


শুক্রবার দেশটির অভ্যন্তরীণমন্ত্রী দিওসদাদো কাবেলো ঘোষণা করেন, লা গুয়াইরা অঙ্গরাজ্যের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রবেশ সীমিত করা হবে।


স্থানীয় বাসিন্দারা নিজেরাই ত্রাণ সংগ্রহ এবং উদ্ধারকাজ চালাচ্ছেন। অনেকে তাদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে অস্থায়ী অ্যাম্বুলেন্স হিসেবে চালাচ্ছেন।


এদিকে ভেনেজুয়েলা সরকার বিতর্কিত ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর যেসব সামাজিক যোগাযোগমাধ্যম (যেমন এক্স) বন্ধ ছিল, তার ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছে। এতে সম্প্রদায়ের সদস্যরা নিখোঁজ স্বজনদের তথ্য শেয়ার করতে পারছেন।
বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com