উরুগুয়েকে বিদায় করে গ্রুপ সেরা স্পেন
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১০:০১
উরুগুয়েকে বিদায় করে গ্রুপ সেরা স্পেন
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাঁচা-মরার লড়াইয়ে কিছুই করে দেখাতে পারল না উরুগুয়ে। নিজেদের সেরাটা মেলে ধরতে পারল না স্পেনও। তবে লক্ষ্য পূরণ হলো তাদের। টানা দ্বিতীয় জয়ে গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠল লুইস দে লা ফুয়েন্তের দল।


গুয়াদালাহারায় বাংলাদেশ সময় শনিবার সকালের ম্যাচে ১-০ গোলে জিতেছে ২০১০ সালের বিশ্বকাপ জয়ীরা। একমাত্র গোলটি করেছেন অ্যালেক্স বায়েনা।


তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের সেরা স্পেন। তিন ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে এবারের আসরের বিস্ময় কেইপ ভার্ড।


২ পয়েন্ট করে পাওয়া উরুগুয়ে ও সৌদি আরব বিদায় নিয়েছে।


পুরো ম্যাচে গোলের জন্য ছয়টি শট নিয়ে শুধু একটি লক্ষ্যে রাখতে পারে স্পেন। উরুগুয়ের পাঁচ শটের একটি লক্ষ্যে ছিল।


শুরু থেকে বল দখলের পাশাপাশি আক্রমণেও এগিয়ে ছিল স্পেন। কিন্তু পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না তারা। প্রথম ‘হাইড্রেশন ব্রেক’ এর আগে তারা গোলের জন্য দুটি শট নিতে পারলেও কোনোটি লক্ষ্যে ছিল না।


৪২তম মিনিটে লক্ষ্যে ম্যাচের প্রথম প্রচেষ্টায় এগিয়ে যায় স্পেন। ডান দিক থেকে মার্কোস ইয়োরেন্তে পাস দেন বক্সে। অ্যালেক্স বায়েনার ডান পায়ের শট গোলরক্ষক ফের্নান্দো মুসলেরা দুই হাত দিয়ে আটকানোর চেষ্টা করলেও, তা ফসকে গড়িয়ে জালে জড়ায়।


বিশ্বকাপে ২৪ বছর বয়সী এই মিডফিল্ডারের প্রথম গোল এটি।


তিন মিনিট পর উরুগুয়ের পরিস্থিতি আরও খারাপ হয়। হাঁটুতে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন দলটির ডিফেন্ডার মানুয়েল উগার্তে।


প্রথমার্ধের ওই ভুলের কারণেই কি না, দ্বিতীয়ার্ধে গোলরক্ষক মুসলেরাকে আর নামাননি উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা! বদলি নামেন সের্হিও রোচেত।


৬৩তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন দানি ওলমো। বাঁ দিক দিয়ে দারুণভাবে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে ফাঁকায় ওলমোকে খুঁজে নেন লামিন ইয়ামাল। কিন্তু উড়িয়ে মারেন ২৮ বছর বয়সী ফরোয়ার্ড।


৮৬তম মিনিটে প্রথম কোনো শট লক্ষ্যে রাখতে পারে উরুগুয়ে। দে লা ক্রুসের শট ঠেকিয়ে দেন উনাই সিমন।


পরের মিনিটে বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে ফেররান তরেসের শট ক্রসবারে লাগে।


যোগ করা সময়ে ফেদেরিকো ভিনাস স্পেনের বক্সে পড়ে গেলে পেনাল্টির আবেদন করে উরুগুয়ে। কিন্তু তাদের দাবি নাকচ করে দেন রেফারি।


শেষ সময়ে পাউ কুবার্সিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন উরুগুয়ের কানোবিও।


নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টানা দুইবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com