যুদ্ধবিরতি ভেঙে ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৮:৪৩
যুদ্ধবিরতি ভেঙে ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গত সপ্তাহে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে একে অপরকে দায়ী করে ফের পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ইরানের ড্রোন হামলার ‘জবাব’ হিসেবে প্রথমে ইরানের উপকূলীয় অঞ্চলে হামলা চালায় যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের


অন্যদিকে ইরান জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের সিরিক বন্দরের জেটি-সংলগ্ন এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এর জবাবে ইরানের নৌবাহিনী মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেহরান।


গত বৃহস্পতিবার (২৫ জুন) ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজে হামলার পর নতুন করে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা দিয়েছে ইরান। উপসাগরীয় দেশগুলোকে ওয়াশিংটনের পক্ষ না নেয়ার আহ্বান জানায় দেশটি।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই হামলার জন্য ইরানকে দায়ী করে বলেন, এটি গত সপ্তাহের চুক্তির লঙ্ঘন। সেন্টকম এক বিবৃতিতে জানায়, ‘বাণিজ্যিক নৌপরিবহনের বিরুদ্ধে ইরানি বাহিনীর অযৌক্তিক আগ্রাসন স্পষ্টভাবেই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।’



একই সঙ্গে তারা জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলরত বাণিজ্যিক জাহাজে আগের দিনের হামলার পর এই অভিযান ছিল ‘শক্তিশালী জবাব’। মার্কিন সামরিক বাহিনী আরও জানিয়েছে, প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তারা সমন্বয় ও সহায়তা অব্যাহত রাখবে।


মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণভাবে মেনে চলছে। তিনি বলেন, ‘ইরান যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে। আমরা তা মেনে চলেছি। এটি কীভাবে প্রয়োগ হচ্ছে, তা নিয়ে তাদের কোনো আপত্তি থাকলে তারা আলোচনার পথ বেছে নিতে পারে। কিন্তু সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেওয়া হবে।’


ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) জানিয়েছে, হামলার জবাবে তাদের নৌবাহিনী ‘মধ্যপ্রাচ্যে অবস্থানরত সন্ত্রাসী মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটিগুলোতে’ হামলা চালিয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আরও হামলা চালালে তার জবাব আরও ব্যাপক হবে।


আইআরজিসি আরও দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে। তাদের ভাষ্য, ‘কিন্তু যুক্তরাষ্ট্র বিভিন্ন ফ্রন্টে উসকানি দিয়ে এই অঙ্গীকার ভঙ্গের চেষ্টা করেছে। প্রয়োজনীয় জবাব দেয়া হয়েছে এবং ভবিষ্যতেও দেয়া হবে। আগ্রাসন পুনরাবৃত্তি হলে আমাদের প্রতিক্রিয়া আরও ব্যাপক হবে।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com