মার্কিন কারাবন্দি থেকে ভূমিকম্পে বিপর্যস্ত দেশবাসীর প্রতি মাদুরোর বার্তা
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ২২:২৬
মার্কিন কারাবন্দি থেকে ভূমিকম্পে বিপর্যস্ত দেশবাসীর প্রতি মাদুরোর বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন কারাগারে বন্দি থেকেও ভূমিকম্পে বিপর্যস্ত দেশবাসীর উদ্দেশে ঐক্য ও সংহতির বার্তা দিয়েছেন ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাঠে নেমে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেছেন তার ছেলে গুয়েরাও।


বুধবার (২৪ জুন) ভেনেজুয়েলায় আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।


ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৬৪ জনে পৌঁছেছে। এ ঘটনায় আরও ৯৭১ জন আহত হয়েছেন বলে আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।


এছাড়া অন্তত ১১ হাজার মানুষ নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিহত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পর দেশজুড়ে মানবিক ও রাজনৈতিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


এই পরিস্থিতিতে নিউইয়র্কে মার্কিন ফেডারেল হেফাজতে থাকা সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন। নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে তিনি দেশবাসীর প্রতি সর্বোচ্চ ঐক্য, সংহতি ও সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।


শিশু, বয়স্ক ও অসুস্থদের পাশে দাঁড়ানোর পাশাপাশি উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে সহায়তার অনুরোধও করেছেন মাদুরো। সংকট কাটিয়ে উঠতে বিশ্বাস, শৃঙ্খলা ও জাতীয় সংহতির ওপর জোর দিয়েছেন তিনি।


কয়েক মাসের হুমকি-ধামকির পর চলতি বছরের জানুয়ারিতে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে জোরপুর্বক গ্রেফতার করে নিয়ে যায় ডনাল্ড ট্রাম্প প্রশাসন।


মাদুরো ও সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট সন্ত্রাসবাদ ষড়যন্ত্রসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। এখন তাদের মার্কিন আইনে বিচার করা হচ্ছে। তবে তারা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং বিচার পর্যন্ত নিজেদের নির্দোষ দাবি করছেন।


এদিকে উদ্ধার তৎপরতায় অংশ নিয়ে ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র তুলে ধরেছেন মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা। তিনি জানিয়েছেন, সান বার্নাডিনো, পিন্টো সালিনাস ও এল পারাইসো এলাকার পাশাপাশি চাকাও ও বারুতা পৌরসভাতেও ক্ষয়ক্ষতি হয়েছে। লা গুয়াইরা ও ফ্যালকন রাজ্যও উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান গুয়েরাও।


ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলোও দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন। তবে ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে আরও সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ভূমিকম্প নতুন করে সরকারের ওপর চাপ তৈরি করতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com