চারদিনে ১ হাজার ৪৩১ কোটি টাকা তুলে নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকরা
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮
চারদিনে ১ হাজার ৪৩১ কোটি টাকা তুলে নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিশ্রুতি অনুযায়ী ব্যক্তি গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার পাশাপাশি ব্যাংকের দৈনন্দিন লেনদেনও চলমান রেখেছে। সেপ্টেম্বরে টাকা ফেরত দেওয়া শুরুর চতুর্থ দিনে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আরও ৩৯১ কোটি টাকা উত্তোলন করেছেন। এ নিয়ে চার দিনে মোট এক হাজার ৪৩১ কোটি টাকা উত্তোলন করেছেন গ্রাহকরা।


বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের দায়িত্বশীল সূত্র।


সম্মিলিত ইসলামী ব্যাংক জানায়, চলতি বছরের ১ সেপ্টেম্বর ১৮ হাজার ৪৬ জন গ্রাহক মোট এক হাজার ৩২৫ কোটি টাকা উত্তোলনের জন্য আবেদন করেন। এর বিপরীতে ৭ সেপ্টেম্বর টাকা উত্তোলনের প্রথম দিন ৮ হাজার ১২৫ জন গ্রাহক ৩১৯ কোটি টাকা উত্তোলন করেন।


একই দিনে ব্যাংক ক্যাশে ৯৩ কোটি এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে ৫১ কোটি টাকা, অর্থাৎ মোট ১৪১ কোটি টাকা রিসিভ করে। এদিন মোট ১৬ হাজার ৬০০টি লেনদেন সম্পন্ন হয়।


২ সেপ্টেম্বর ১৯ হাজার ৬১৩ জন গ্রাহক মোট এক হাজার ১৬ কোটি টাকার জন্য আবেদন করেন। এর বিপরীতে ৮ সেপ্টেম্বর ৭ হাজার ২৩৪ জন গ্রাহক ৩৪০ কোটি টাকা উত্তোলন করেন।


একই দিনে ক্যাশে ৯০ কোটি এবং আরটিজিএস, বিইএফটিএন ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে ১০৫ কোটি টাকা, অর্থাৎ মোট ১৯৫ কোটি টাকা রিসিভ হয়। এদিন মোট ১৬ হাজার ৫০টি লেনদেন সম্পন্ন হয়।


৩ সেপ্টেম্বর ২১ হাজার ৮৬ জন গ্রাহক মোট ৯৬৩ কোটি টাকার জন্য আবেদন করেন। এর বিপরীতে ৯ সেপ্টেম্বর ১০ হাজার ৬৯৭ জন গ্রাহক ৩৮১ কোটি টাকা উত্তোলন করেন।


সর্বশেষ বৃহস্পতিবার নতুন করে ১১ হাজার ৩৮৫টি আবেদন গ্রহণ করা হয়েছে, যার মোট পরিমাণ ৩৭৪ কোটি টাকা। একইসঙ্গে আবেদন অনুযায়ী ৯ হাজার ৪১ জন গ্রাহক ৩৯১ কোটি টাকা উত্তোলন করেছেন।


চার দিনে মোট টাকা উত্তোলনের পরিমাণ এক হাজার ৪৩১ কোটি টাকা।


এ বিষয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান শিকদার জানান, গ্রাহকদের অর্থ পরিশোধের পাশাপাশি ব্যাংকে অর্থের প্রবাহও অব্যাহত রয়েছে। ব্যক্তিগত অ্যাকাউন্টগুলোতে স্বাভাবিকভাবে লেনদেন কার্যক্রম চলমান রয়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে।


সার্বিকভাবে, গ্রাহকদের আবেদন অনুযায়ী অর্থ পরিশোধ কার্যক্রম চলমান রয়েছে এবং প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক তাদের অর্থ উত্তোলন করছেন। একইসঙ্গে ব্যাংকে অর্থের প্রবাহ ও স্বাভাবিক লেনদেন কার্যক্রমও অব্যাহত রয়েছে। গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com