
জাতীয় ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অবস্থান উন্নত করতে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জাতীয় ও আন্তর্জাতিক র্যাংকিংয়ে অবস্থান উন্নয়ন সংক্রান্ত কমিটির উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ‘সুনামের গণ্ডি পেরিয়ে: বৈশ্বিক র্যাংকিংয়ের প্রেক্ষাপটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কৌশলগত অবস্থান’ শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ও র্যাংকিং বিষয়ক পরামর্শক ড. ফাহাদ হোসাইন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কাউছার আহমেদ পাটোয়ারী। এছাড়াও কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাংকিং উন্নয়ন কর্মশালার প্রশিক্ষক ড. ফাহাদ হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে উন্নতির জন্য মানসম্মত গবেষণার প্রয়োজন। বাংলাদেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক র্যাংকিংয়ে জায়গা করে নিয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়কেও র্যাংকিংয়ে উন্নয়নের ক্ষেত্রে কয়েকটি বিষয়ের উপর নজর দিতে হবে।
তিনি আরও বলেন, গবেষণা অনুদান ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণ, প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষাছুটিতে থাকা শিক্ষকদের সম্পৃক্ততা বৃদ্ধি, দূরদর্শী ও কৌশলগত নেতৃত্ব, আন্তর্জাতিক অতিথি ও খণ্ডকালীন শিক্ষক নিয়োগ, কার্যকর জনসংযোগ, আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণ, সময়োপযোগী নীতিমালা প্রণয়ন এবং ফলাফলভিত্তিক উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে। এসব ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া গেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে অবস্থান উন্নত করা সম্ভব।
কর্মশালায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার বলেন, কর্মশালায় উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার বলেন, র্যাংকিংয়ে কেবল ভালো পাবলিকেশন থাকলেই স্থান পাওয়া যায় না। একটা বিশ্ববিদ্যালয় কতটা পরিষ্কার-পরিচ্ছন্ন, তার উপরও র্যাংকিংয়ে অবদান রাখে। একাডেমিক স্বচ্চতাও র্যাংকিংয়ে জায়গা পেতে সাহায্য করে।
উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরিফুল করীম বলেন, বিশ্ববিদ্যালয়ে যথাযথ নথিপত্র সংরক্ষণের ঘাটতি রয়েছে। র্যাংকিংয়ে উন্নতি করতে হলে এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের সবাইকে যোগ্যতা অনুযায়ী নিজ নিজ অবস্থান থেকে সাহায্য করতে হবে।
তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কাজ করছি। আমরা বিশ্ববিদ্যালয়কে গ্রিন ক্যাম্পাসে রূপ দিতে কাজ করছি। প্রতিটা কাজ দায়িত্বের সাথে করতে পারলে আমরা শীঘ্রই আন্তর্জাতিক র্যাংকিংয়ে স্থান পাবো।
বিবার্তা/প্রসেনজিত/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]