
জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) "স্মরণ সভা ও আলোচনা অনুষ্ঠান-২০২৬" অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মূলত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি ছিল। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক ছাত্রসংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক ও প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হলেও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল না।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল বাশার। সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হক। সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। তবে উপস্থিত রাজনৈতিক ছাত্র প্রতিনিধিরা বলেন, প্রামাণ্যচিত্রে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের অবদান ও ভূমিকা যথাযথভাবে তুলে ধরা হয়নি।
এদিকে সীমিত পরিসরে আয়োজন এবং সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ত না করায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠনের প্রতিনিধিরা অসন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই এমন একটি স্মরণানুষ্ঠান শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে আরও বৃহৎ পরিসরে আয়োজন করা উচিত ছিল।
বিবার্তা/ফাহিম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]