
‘রক্তে লেখা বিপ্লব, যুক্তিতে গড়া আগামী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী ২৪ ও ২৫ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিতর্ক সংগঠন ডিবেটিং ফোরাম অব ইন্টারন্যাশনাল রিলেশনস (ডিএফআইআর) এ প্রতিযোগিতার আয়োজন করেছে।
প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আহ্বায়ক হিসেবে নাজমুল ওয়ারা তালহা এবং সহ-আহ্বায়ক হিসেবে আয়েশাতুন ফারিয়া দায়িত্ব পালন করছেন।
আয়োজনের উদ্দেশ্য ও প্রত্যাশা সম্পর্কে আহ্বায়ক নাজমুল ওয়ারা তালহা বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী মানসিকতা, জ্ঞানচর্চা ও বুদ্ধিবৃত্তিক মননের বিকাশে এ প্রতিযোগিতাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে এটি শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশেও সহায়ক হবে।”
সহ-আহ্বায়ক আয়েশাতুন ফারিয়া বলেন, “প্রতিটি মানুষ তার জীবনবোধের গভীরতা প্রতিনিয়ত নিজের যুক্তি ও বিশ্লেষণী চিন্তার মধ্য দিয়ে নির্মাণ করে। বিতর্ক সেই চিন্তা ও যুক্তিচর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ থেকে অংশগ্রহণকারী দলগুলোর উপস্থিতিতে 'ডিএফআইআর আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬' শিক্ষার্থীদের যুক্তি, বিশ্লেষণী সক্ষমতা ও বুদ্ধিবৃত্তিক দক্ষতা যাচাইয়ের অন্যতম বৃহৎ মঞ্চ হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।”
আয়োজকরা জানান, বাঙালির ইতিহাস সংগ্রাম ও বিপ্লবের ইতিহাস। সেই চেতনাকে ধারণ করে যুক্তির আলোয় সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় থেকেই এ আয়োজন। তাদের মতে, যুক্তিবোধ, সমালোচনামূলক চিন্তা ও গঠনমূলক মতবিনিময়ের চর্চার মধ্য দিয়েই একটি সচেতন ও স্বপ্নময় বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
আয়োজক কমিটি আরো জানিয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। জমজমাট এই আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পাসের সেরা বিতার্কিকদের খুঁজে বের করার পাশাপাশি যুক্তিনির্ভর ও বুদ্ধিবৃত্তিক চর্চার পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে আশা করছেন তারা।
বিবার্তা/স্বাতী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]