প্রেমের টানে লালমনিরহাটে এসে মারিয়াকে বিয়ে করলেন কোরিয়ান যুবক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ২২:৪০
প্রেমের টানে লালমনিরহাটে এসে মারিয়াকে বিয়ে করলেন কোরিয়ান যুবক
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রেমের টানে দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে লালমনিরহাটের কলেজ ছাত্রী মারিয়া আক্তার (জান্নাতুল ফেরদৌস মারিয়া) কে বিয়ে করেছেন কোরিয়ান যুবক কিম হিউন সু।


জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর ভাষা শিক্ষা বিষয়ক একটি প্রতিষ্ঠানে যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।


মারিয়া লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেলগেট সংলগ্ন পাঙ্গাটারী এলাকার আফজাল হোসেন ও রেনু বেগমের মেয়ে। তিনি লালমনিরহাট সরকারি কলেজ থেকে অর্থনীতিতে অনার্স সম্পন্ন করেছেন।


পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ জুন রংপুরের কেরামতিয়া জামে মসজিদে মাওলানা মো. আল-আমিনের তত্ত্বাবধানে ইসলাম ধর্ম গ্রহণ করেন কিম হিউন সু। একই দিনে রংপুরের গরীবুল্লাহ টাওয়ারে অ্যাডভোকেট মো. মেহেদী হাসান রিয়াদের চেম্বারে তাদের বিবাহ রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। পরে ইসলামি শরিয়া মোতাবেক বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করা হয়।


স্থানীয়রা জানায়, ভালোবাসার টানে ভিনদেশ থেকে ছুটে এসে ধর্মান্তরিত হয়ে বিয়ের মতো ঘটনা এ এলাকায় খুব একটা দেখা যায় না। ফলে কিম হিউন সু ও মারিয়ার প্রেম ও বিয়ের গল্প এখন মানুষের মুখে মুখে।


বিদেশি যুবকের ইসলাম ধর্ম গ্রহণ ও বাংলাদেশি তরুণীকে বিয়ে করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। এক নজর দেখতে এবং নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে স্থানীয়দের ভিড় লক্ষ্য করা যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।


ভাষা, সংস্কৃতি ও হাজার মাইলের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে গড়ে ওঠা এই প্রেমের গল্প প্রমাণ করেছে, সত্যিকারের ভালোবাসা সীমান্ত মানে না।


এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com