
শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুজন। এ সময় অন্তত ১২-১৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
রবিবার (২৯ নভেম্বর) ভোর ৬টার পর উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করেন। এসময় বিএনপির সঙ্গে তাদের সংঘর্ষ হয় এবং এতে একজন নিহত ও দুজন গুরুতর আহত হন।'
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি বলেও জানান তিনি।
'অবরোধের কারণে পদ্মা সেতু দিয়ে যান চলাচল প্রায় ৪৫ মিনিট বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক করতে আরও কিছুটা সময় লাগে,' বলেন অতিরিক্ত পুলিশ সুপার।
নাম প্রকাশে অনিচ্ছুক শরীয়তপুর জেলা ছাত্রদলের এক দায়িত্বশীল নেতা বলেন, 'তথ্য ছিল পদ্মা সেতু এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা ঘটাতে পারে। এ আশঙ্কায় বিএনপি নেতাকর্মীরা শুক্রবার থেকে পদ্মা সেতু এলাকায় অবস্থান করছিলেন। আজ ভোরের দিকে মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের বিকেনগর এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান।'
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]