লকডাউনে গোপালগঞ্জে যান চলাচল বন্ধ, জনশূন্য সড়ক-মহাসড়ক
৭৩ প্লাটুন বিজিবি-আনসার মোতায়েন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১১:২১
লকডাউনে গোপালগঞ্জে যান চলাচল বন্ধ, জনশূন্য সড়ক-মহাসড়ক
প্রিন্ট অঅ-অ+

আওয়ামী লীগের ৪৮ ঘণ্টার লকডাউনের প্রথম দিন সকাল থেকেই অনেকটা অচল হয়ে পড়েছে গোপালগঞ্জের জনজীবন। জেলার প্রধান সড়ক-মহাসড়ক থেকে শুরু করে আঞ্চলিক সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় সড়কগুলোও প্রায় জনশূন্য। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ।


এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে ৫৮ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার এবং ২ হাজারের বেশি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।


রবিবার (২৯ নভেম্বর) সকাল থেকে গোপালগঞ্জ শহরের প্রধান সড়কগুলোতে যানবাহনের উপস্থিতি দেখা যায়নি। শহরের ভেতরের ছোট ছোট গলি দিয়ে দু’একটি রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল করলেও তা ছিল একেবারেই সীমিত। প্রয়োজনীয় কাজ ছাড়া সাধারণ মানুষকে বাইরে বের হতে দেখা যায়নি।


জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেছেন আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে গোপালগঞ্জের সঙ্গে বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।


ঢাকা-খুলনা মহাসড়ক ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া গোপালগঞ্জ-টেকেরহাট ও পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।


অপরদিকে লকডাউনের প্রভাবে সকাল থেকেই গোপালগঞ্জ শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগে থেকেই জেলায় ট্রেন চলাচল বন্ধ থাকায় সড়ক ও রেল দুই পথেই যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। ফলে কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও জরুরি প্রয়োজনে যাতায়াত করতে চাওয়া ব্যক্তিরা ভোগান্তিতে পড়েছেন।


পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই শহর ও জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা কারাগারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনেও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


তবে এখন পর্যন্ত জেলার কোথাও লকডাউন ঘিরে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।


গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হেলালউদ্দিন ভূঁইয়া জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। জনসাধারণের জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলার নিরাপত্তায় বর্তমানে ৫৮ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার এবং ২ হাজার ৩৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্বে রয়েছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com