
ফরিদপুরে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই রামদা-ঢাল-সরকি নিয়ে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কায়চাইল ইউনিয়নের ঝাটুরদিয়া বিশ্বরোড মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশ নেয়া নেতাকর্মীদের হাতে দেশীয় অস্ত্র, ঢাল ও সরকি দেখা যায়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে এলাকার সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। মিছিল থেকে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি বাস্তবায়ন করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সহসভাপতি আলিমুজ্জামান সেলু, উপজেলা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন রাজু, পৌর যুবদলের আহ্বায়ক তৈবুর রহমান মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু কায়েস মুন্সী, সদস্যসচিব জাহিদ মাতুব্বর, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম জন্টু এবং উপজেলা যুবদলের সদস্য মো. জুয়েল মাতুব্বর ও মো. জাকির হোসেনসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিএনপি নেতার জানায়, এলাকায় কোন ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না। লকডাউনের নামে জনজীবন ও স্বাভাবিক চলাচল ব্যাহত করার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। এ জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে নগরকান্দার ঝাটুরদিয়া বিশ্বরোড এলাকায় বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]