
দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে নিজেকে ‘পাপমুক্ত’ ঘোষণা করতে এক মণ দুধ দিয়ে গোসল করেছেন হোসেন মৃধা নামের এক ব্যক্তি। একই সঙ্গে এলাকাবাসীর মাঝে এক মণ মিষ্টিও বিতরণ করেছেন তিনি। স্ত্রীর পরকীয়ার জেরে বিচ্ছেদের পর বুধবার (১৮ নভেম্বর) দুপুর একটার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া গ্রামে নিজ বাড়িতে এই ব্যতিক্রমী ঘটনা ঘটান তিনি।
হোসেন মৃধা ফলিয়া গ্রামের মৃত মনিহাল সারেণের ছেলে এবং পেশায় একজন প্রথম শ্রেণির মেরিন মাস্টার। ব্যতিক্রমী এই গোসল ও মিষ্টি বিতরণের খবর ছড়িয়ে পড়লে তা দেখতে তাঁর বাড়িতে স্থানীয় উৎসুক জনতার ভিড় জমে যায়।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ বছর আগে আশ্চাপিয়া পিংকীকে বিয়ে করেন হোসেন মৃধা। তাঁদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। দীর্ঘ সংসার জীবন ভালোভাবেই চলছিল। তবে সম্প্রতি স্ত্রীর পরকীয়া সম্পর্কের বিষয়টি জানাজানি হলে পরিবারে চরম অশান্তি দেখা দেয়। একপর্যায়ে নিজের জীবনরক্ষা ও তিন সন্তানের ভবিষ্যতের কথা ভেবে স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
এ বিষয়ে হোসেন মৃধা জানান, সংসারে তিনটি সন্তান থাকা সত্ত্বেও স্ত্রীর পরকীয়ার কারণে তিনি চরমভাবে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। নিজের জীবন বাঁচাতে এবং সন্তানদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করেই তিনি বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন। বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণের মাধ্যমে তিনি নিজেকে পাপমুক্ত করেছেন বলেও উল্লেখ করেন।
ব্যতিক্রমী এই ঘটনাটি পুরো আলফাডাঙ্গা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয় লোকজনের মাঝে এ নিয়ে নানা আলোচনা চলছে।
বিবার্তা/মিলু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]