
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর জাতির এক ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশকে একটি বিপজ্জনক রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে ভূমিকা রাখেন। তার নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয় এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান জাতির স্মৃতিতে অমর হয়ে থাকবেন।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে নরসিংদীর বেলাব উপজেলা পরিষদ চত্বরে অসচ্ছল ও দুস্থ ব্যক্তিদের মধ্যে মানবিক সহায়তা ও ঢেউটিন এবং কর্মজীবী নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণ না করলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অন্যের হাতে চলে যাওয়ার আশঙ্কা ছিল। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই দায়িত্ব শেষ করেননি, মহান মুক্তিযুদ্ধে জেড ফোর্সের নেতৃত্ব দিয়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন।
পরবর্তী সময়ে দেশের ক্রান্তিলগ্নে দায়িত্বভার গ্রহণ করে জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
অনুষ্ঠানে ৯০ জন অসচ্ছল ও দুস্থ ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মানবিক সহায়তা দেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া ৫৬ জনকে দুই বান্ডিল করে ঢেউটিন এবং গৃহনির্মাণ সহায়তা হিসেবে প্রত্যেককে ৬ হাজার টাকা করে দেওয়া হয়। পাশাপাশি ২০০ জন কর্মজীবী নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন৷
এসময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আহসান হাবীব বিপ্লব, সদস্যসচিব এম এ কাদের জলিল প্রমুখ।
বিবার্তা/কামাল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]