
জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. মাহমুদুল হক।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মেলান্দহের শিমুলতলী থেকে জামালপুরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী অটোরিকশাটি। অপরদিকে, জামালপুর থেকে মেলান্দহের দিকে আসছিল একটি মোটরসাইকেল। এ সময় মোটরসাইকেলটির পেছন দিক থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার ৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেলের ২ আরোহী।
পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে প্রাথমিকভাবে নিহত বা আহত কারও পরিচয় জানা যায়নি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. মাহমুদুল হক বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]