
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট এবং ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে একাডেমির ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন, অভিবাদন গ্রহণ ও কৃতি প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে ভয়ভীতি ও পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থেকে আইনি সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করে প্রকৃত অর্থে ‘জনগণের পুলিশ’ হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির, পুলিশ একাডেমির প্রিন্সিপাল মো. মাইনুল হাসান, বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. রেজাউল আলম সরকার, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। এছাড়া স্থানীয় সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
৬ মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে এবার ৮৪ জন শিক্ষানবিশ সার্জেন্ট ও ১৬২ জন ক্যাডেট এসআই সহ মোট ২৪৬ জন নবীন কর্মকর্তা কর্মজীবনে প্রবেশ করলেন।
প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারীরা হলেন—
সার্জেন্ট ব্যাচে: বেস্ট সার্জেন্ট মো. ওমর ফারুক, বেস্ট একাডেমিক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বেস্ট ইন ফিল্ড সাইফুল ইসলাম ও বেস্ট শ্যুটার মো. আসাদুজ্জামান।
এসআই ব্যাচে:বেস্ট ক্যাডেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বেস্ট একাডেমিক মো. বোরহানুল ইসলাম, বেস্ট ইন ফিল্ড দেওয়ান গোলাম রসুল ও বেস্ট শ্যুটার মো. কামাল গণি।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাওসিফ সৌরির মরদেহ উদ্ধারের ঘটনায় ময়নাতদন্ত শেষ না করে কোনো মন্তব্য করা যাবে না।
তিনি আরও বলেন, বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। নাটোরে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এমপি পুত্রকেও ছাড় দেওয়া হয়নি,তাকে আটক করে রিমান্ডে নেওয়া হয়েছে। ভারত থেকে পলাতক সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন,কে কখন কিভাবে দেশে ফিরবেন সেটি তাদের বিষয়, তবে ফেরার পর আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]