
সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর ও কানাইঘাটসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৪ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিজিবির পৃথক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ২৮ অক্টোবর রাতে সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় কয়েকটি অভিযান চালিয়ে মোট ১৩ লাখ ৪১ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করে।
এর মধ্যে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লোভাছড়া বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল জৈন্তাপুর উপজেলার সীমান্ত থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাগান বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২০৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের সিজারমূল্য ৩ লাখ ১০ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া একই রাতে জৈন্তাপুর, সুরাইঘাট ও লোভাছড়া বিওপির পৃথক আভিযানিক টহলদল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৬০০ পিস ভারতীয় জিলেট গার্ড রেজার, ৪৫৩ পিস নিভিয়া বডি মিল্ক ক্রিম, ৬৯ কেজি ফুচকা, ১৫২ কেজি রসুন ও চারটি গরু জব্দ করে। এসব মালামালের সিজারমূল্য ১০ লাখ ৩১ হাজার টাকা।
অন্যদিকে, ২৯ অক্টোবর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১০ লাখ ৪৫ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করে। ব্যাটালিয়নের দায়িত্বাধীন সোনালীচেলা, ডিবিরহাওর, প্রতাপপুর, বিছনাকান্দি, পান্থুমাই, সংগ্রাম, সোনারহাট, কালাইরাগ ও তামাবিল বিওপির আওতাধীন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
৪৮ বিজিবির অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় কম্বল, গরু, চিনি, দুধ, ফুচকা, প্রসাধনী ও ট্রাকের রিমসহ বিভিন্ন চোরাচালানি পণ্য। এসব পণ্যের আনুমানিক সিজারমূল্য ১০ লাখ ৪৫ হাজার ১০০ টাকা।
৪৮ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ১৯ বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা ভারতীয় মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দুই ব্যাটালিয়নের দেওয়া তথ্য অনুযায়ী, পৃথক এসব অভিযানে জব্দ করা মালামালের মোট সিজারমূল্য ২৩ লাখ ৮৬ হাজার ৬০০ টাকা। সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
বিবার্তা/জাহিদুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]