
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম চারমাথায় একদিন আগেও অস্ত্রোপচারসহ স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম চলেছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে প্রশাসনের লোকজন অভিযান চালাতে গিয়ে প্রধান ফটক তালাবদ্ধ পান। ভেতর ও বাইরে সুনসান নীরবতা। খোঁজ করে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। ফোনও ধরছিলেন না কেউ। শেষে ভবন মালিককে বিষয়টি অবগত ফিরে আসেন তাঁরা।
স্থানীয় লোকজন জানান, দুই বছর আগে আরোগ্য ক্লিনিক প্রতিষ্ঠিত হয়। প্রতিদিন অসংখ্য রোগীর আসা-যাওয়া থাকে এই ক্লিনিকে। অভিযান হবে, এ তথ্য জানা ছিল ক্লিনিক মালিক ডাবলু মন্ডলের। শেষে গতকাল বুধবার তড়িঘড়ি রোগীদের বের করে দেওয়া হয়। পরে প্রধান ফটকে তালা ঝুলিয়ে কর্মরত ব্যক্তিরা চলে যান।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধের সরকারি নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে আজ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সিভিল সার্জন ডা: মোঃ রফিকুজ্জামান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: মাসুদার রহমান আকন্দ।
সিভিল সার্জন ডা: মোঃ রফিকুজ্জামান বলেন, অভিযোগ ছিল আরোগ্য ক্লিনিকের লাইসেন্স নাই। লাইসেন্স ছাড়াই তারা ক্লিনিকের কার্যক্রম চালাচ্ছে। আমরা সরেজমিনে এসে দেখলাম, অভিযানের খবর পেয়ে তারা ক্লিনিক বন্ধ করে তালা দিয়ে পালিয়ে গেছে৷ আমরা বাসার মালিকের সাথে ফোনে যোগাযোগ করি। তিনিও সহযোগিতা করেননি। এমন অবস্থায় আমরা মোবাইল কোর্ট করার চেষ্টা করি কিন্তু ইউএনও ও এসিল্যান্ড ব্যস্ত থাকায় সেটা সম্ভব হয়নি। আমরা বাসার মালিককে মৌখিকভাবে রেস্ট্রিকশন দিয়েছি। এখানে কোনোভাবেই ক্লিনিকের কার্যক্রম না চলে। আমাদের পক্ষ থেকে পুরো ঘটনাটিকে বর্ণনা করে একটি লিখিত ইন্সট্রাকশন দিব। পাশাপাশি এরকম যত লাইসেন্সবিহীন ক্লিনিক আছে বা অবৈধ কার্যক্রম পরিচালনা করছে, আগামীতে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেব।
বিবার্তা/নুর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]