চট্টগ্রামে আওয়ামী লীগের ব্যানারে মিছিল, আটক ১২
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ১৮:২৯
চট্টগ্রামে আওয়ামী লীগের ব্যানারে মিছিল, আটক ১২
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

চট্টগ্রামের কোতোয়ালি থানার সিআরবি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে মিছিলের সময় ১২ জনকে আটক করেছে পুলিশ।


শুক্রবার (২ অক্টোবর) দুপুরে সিআরবি এলাকা থেকে তাদের আটক করা হয়। এই সময় একটি মাইক্রোবাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।


পুলিশ জানায়, জুমার নামাজের পর মাইক্রোবাস ও মোটরসাইকেল করে সিআরবি এলাকায় আসেন সংগঠনটির নেতাকর্মীরা। এরপর তারা মিছিল শুরু করেন। মিছিলটি শুরু করলে পুলিশের একটি টহল দল তাদের ধাওয়া দেয়।


এ সময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে। আটক নেতাকর্মীরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।


কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে হাইস ও মোটরসাইকেল করে এসে সিআরবি এলাকায় আসে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।


সেখানে মিছিল করার চেষ্টা করলে ১২ জনকে আটক করা হয়েছে। অভিযান এখনো চলছে। পরে যাচাই-বাছাই শেষে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল থেকে একটি হাইস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com