
সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ চিরুনি অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। পাঁচ ঘণ্টার বিশেষ অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ৩৭ জনকে আটক করা হয়েছে। এ সময় ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ছিনতাইকারী দমন, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি নাগরিক নিরাপত্তা নিশ্চিত করাই ছিল অভিযানের মূল লক্ষ্য।
এসএমপি সূত্রে জানা যায়, বিশেষ অভিযানে কোতোয়ালি মডেল থানায় ৪ জন, জালালাবাদ থানায় ৫ জন, এয়ারপোর্ট থানায় ৮ জন, দক্ষিণ সুরমা থানায় ৭ জন, মোগলাবাজার থানায় ৮ জন এবং শাহপরাণ (রহ.) থানায় ৫ জনকে আটক করা হয়। সব মিলিয়ে আটক করা হয় ৩৭ জনকে।
২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৮
এর আগে একই দিনে ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে মোট ৩৮ জন আসামিকে গ্রেফতার করেছে এসএমপি। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, বিনা পরোয়ানায় গ্রেফতার এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার হওয়া আসামি রয়েছেন।
এ অভিযানে ৩ হাজার ২৫০ কেজি ভারতীয় চা-পাতা, ২০০ পিস চকলেট ও ২০০ পিস সাবান উদ্ধার করা হয়েছে।
ট্রাফিক পুলিশের অভিযানে ১২৪ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
এদিকে, মহানগর ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে মোট ১২৪টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৫৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৬৫টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, গ্রেপ্তার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]