
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোর নিহত হয়েছে।
রবিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার মধ্যজাফলং ইউনিয়নের রাধানগর বাউরভাগ চা বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো: নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬), ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান হবি মিয়ার ছেলে রায়হান আহমেদ (১৬) এবং লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)।
তারা তিনজনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও সহপাঠী ছিল। তাদের সবার বাড়ি গোয়াইনঘাট উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে একটি পালসার মোটরসাইকেল রাধানগর বাউরভাগ চা বাগান সড়ক হয়ে রাধানগর বাজারের দিকে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাকিব নিহত হয় এবং গুরুতর আহত হয় অপর দুই আরোহী।
পরে আহত রায়হানকে সিলেট নূরজাহান হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। আর আহত অবস্থায় জয়কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে তারও মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]