প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে 'জয় বাংলা-জয় বঙ্গবন্ধু' স্লোগান, যুবক আটক
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ২১:৪০
প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে 'জয় বাংলা-জয় বঙ্গবন্ধু' স্লোগান, যুবক আটক
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে 'জয় বাংলা-জয় বঙ্গবন্ধু' স্লোগান দেওয়ার অপরাধে সোহেল রানা (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।


মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় শ্রীমঙ্গলের জনসভাস্থল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাকে আটক করা হয়। আটককৃত সোহেল উপজেলার মতিগঞ্জ এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ভ্রাম্যমাণ ব্যবসায়ী।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আগামীকাল (১৭ জুন) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ ও সমাবেশে যোগ দিতে শ্রীমঙ্গলে আসবেন। সেই লক্ষ্যে স্থানীয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে নানান কর্মযজ্ঞ চলছে। সেখানে নিমির্তব্য মঞ্চের সামনের মাঠে হঠাৎ এক যুবক একাধিকবার জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি অসংলগ্ন আচরণও করতে থাকেন। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।


শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন বলেন, “ছেলেটি সম্ভবত নেশাগ্রস্ত ছিল। সে মঞ্চের পাশের মিনি স্টেডিয়ামে দাঁড়িয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিল। পরে সেখানে থাকা লোকজন তাকে মারধর করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে সে থানায় রয়েছে।”


শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, আমি মাত্র থানায় ঢুকেছি৷ শুনেছি একজনকে আটক করা হয়েছে।


উল্লেখ্য, বিএনপির নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল বুধবার শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে প্রশাসন ও আয়োজকদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।


বিবার্তা/রিয়ন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com