
টানা ৪ দিনের মাথায় কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্যরেখায়অবস্থান করার শিশুসহ সেই ১২ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ।
সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবির সঙ্গে পতাকাবৈঠকের পর ওই ১২ জনকে ফিরিয়ে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
কুষ্টিয়া (৪৭ বিজিবি) ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাগপুর সীমান্তের ১৫০/৩-এস সীমান্ত পিলারের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া (৪৭ বিজিবি) ব্যাটালিয়নের সহকারীপরিচালক মো. নুরুল হুদা। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের নদীয়া জেলার করিমপুর থানার ১১ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ রানীনগর বিএসএফ ক্যাম্পের কমান্ডার এসি সুনীল কুমার যাদব।
বৈঠকে বিজিবি ও বিএসএফের মধ্যে সংক্ষিপ্ত আলোচনার পর শূন্যরেখায় প্রায় ৪দিন ধরে অবস্থানরত শিশু ও নারী-পুরুষসহ ১২জনকে ফিরিয়ে নিতে সম্মত হয় বিএসএফ। পরে তারা ওই ১২ জনকে ফিরিয়ে নিয়ে চলে যান।
এর আগে শুক্রবার (১২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ১৪৯ সীমান্ত পিলার সংলগ্ন দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের চরবিলগাতুয়া সীমান্ত এলাকা দিয়ে শিশু, নারী ও পুরুষসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং স্থানীয় জনসাধারণের প্রতিরোধ ও তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।
বিজিবি ও স্থানীয়দের বাঁধার মুখে ১২জনকে ১৪৮/৩-এস সীমান্ত পিলার সংলগ্ন প্রাগপুর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০গজ ভারতের অভ্যন্তরে পাঠিয়ে দিলে সেখানে তারা ৪দিন ধরে অবস্থান করছিল। শনিবার এ ঘটনায় বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা অনুষ্ঠিত হলেও বিএসএফ তাদের ফিরিয়ে নিতে সেসময় অস্বীকৃতি জানায়। পরে আজ তাদের ফিরে নিয়ে যান।
বিএসএফ’র হেফাজতে নেওয়া ৩ পরিবারের ১২ জনের মধ্যে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বাথানপাড়া গ্রামের মৃত ওয়াসেদ আলীর ছেলে উজির আলী (৫০), তার স্ত্রী জয়নুর বেগম (৩৫), ছেলে শিহাদ (১৭), ইনজামুল (৮) এবং আড়াই বছরের শিশু সামাদ।
এছাড়াও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রফিকুল গাজীর পরিবারের ৩ সদস্য এবং খুলনার ডুমুরিয়া উপজেলার আফরোজা খাতুনের পরিবারের ৪ সদস্য রয়েছেন। এদের ভারতের কেরালা রাজ্য থেকে আটক করা হয়। পরে বিএসএফ তাদের দৌলতপুরের চরবিলগাতুয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]