
পদ্মা সেতু ও কালনা মধুমতি সেতু চালু হওয়ার পর ঢাকা-কালনা-যশোর- বেনাপোল জাতীয় মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে। তবে মহাসড়কের ভাটিয়াপাড়া-যশোর-বেনাপোল অংশ এখনো চার লেনে উন্নীত না হওয়ায় প্রায়ই ঘটছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। গত আড়াই বছরে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কে ৭৫টি দুর্ঘটনায় ৪৫ জন নিহত এবং অন্তত ২৫০ জন আহত হয়েছে। পদ্মা সেতু ও কালনা মধুমতি সেতুর পূর্ণ সুফল পেতে ভাটিয়াপাড়া-যশোর-বেনাপোল সড়ক দ্রুত চার লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা,বাস মালিক ও শ্রমিকরা।
শুক্রবার (১২জুন) বিকালে সরেজমিনে দেখা গেছে,ঢাকা থেকেভাঙ্গা এক্সপ্রেসওয়ে পার হওয়ার পর কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের প্রায় ৭৫ কিলোমিটার অংশ অত্যন্ত সরু। এই সড়কেই এখন দিন-রাত চলাচল করছে প্রায় হাজার খানিক বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন।
নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন,পদ্মা সেতু ও কালনা মধুমতি সেতু চালুর পর ২০২৩ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ৩০মে পর্যন্ত কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কে ছোট-বড় মিলিয়ে ৭৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ঘটনাস্থলে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত ২৫০ জন।
তাদের অনেকেই স্থায়ী ভাবে পঙ্গুত্ব নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ২০২২ সালের ১০ অক্টোবর ঢাকা-মাওয়া-নড়াইল-যশোর-বেনাপোল জাতীয় মহাসড়কের কালনা এলাকায় মধুমতি নদীর ওপর দেশের প্রথম ছয় লেন বিশিষ্ট কালনা মধুমতি সেতু উদ্বোধন করা হয়। এরপর থেকে ঢাকা, যশোর, বেনাপোল, কলকাতা, সাতক্ষীরা, খুলনা, মাগুরা, ঝিনাইদহ ও কুষ্টিয়াসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে শত শত যানবাহনএই রুট ব্যবহার করছে। কিন্তু সেতুর সংযোগ সড়ক আধুনিক ও প্রশস্ত হলেও কালনা-নড়াইল-যশোর-বেনাপোল অংশের মূল সড়ক আগের মতোই দুই লেন বিশিষ্ট সরু রয়েছে।
বাস ড্রাইভার পটু শিকদার বলেন, ওভারটেকিং কিংবা ক্রসিংয়ের সময় পর্যাপ্ত জায়গা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রেযানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাচ্ছে অথবা অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে। সড়কটির এই অংশ চার লেনে উন্নীত না করা হলে দুর্ঘটনা কমানো সম্ভব হবে না।
নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদকআলী হাসান শনিবার(১৩জুন) সকালে বলেন,পদ্মা সেতু ও কালনা মধুমতি সেতুর কারণে আমাদের যাতায়াত অনেক সহজ হওয়ার কথা ছিল। কিন্তু রাস্তা অত্যন্ত সরু হওয়ায় সেই সুবিধা পাওয়া যাচ্ছে না। ফলে প্রতিনিয়ত পথচারী, যাত্রী ও পরিবহন দুর্ঘটনার শিকার হচ্ছে। আমরা দ্রুত সড়কটি প্রশস্ত করার দাবি জানাই।
নড়াইল সড়ক ও জনপথ বিভাগের নড়াইলের নির্বাহী প্রকৌশলীনজরুল ইসলাম বলেন, ভাটিয়াপাড়া-যশোর-বেনাপোল সড়কটি জেলার গুরুত্বপূর্ণ মহাসড়ক। বর্তমানে এর প্রস্থ মাত্র ২৪ ফুট। পদ্মা সেতু ও মধুমতি সেতু চালুর পর যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যাওয়ায় দুর্ঘটনাও বাড়ছে। দুর্ঘটনা কমাতে প্রয়োজনীয় সাইন-সিগন্যাল ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে চলতি বছরের শেষ দিকে সড়কটি স্থায়ীভাবে প্রশস্ত করার কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা করছি।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]